করাইল বস্তি উচ্ছেদে সিপিবির নিন্দা
করাইল বস্তি উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, হাইকোর্টের রায় অমান্য করে মহাজোট সরকার স্বৈরাচারী কায়দায় একের পর এক বস্তি উচ্ছেদ করছে। করাইল বস্তিতে উচ্ছেদের কারণে এক দিনেই শত শত পরিবার গৃহহীন হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ চালিয়ে গরিব লোকজনকে গৃহহীন করা হচ্ছে। অপরদিকে ভূমি ব্যবসায়ী ও ভূমিদস্যুরা খাসজমি দখল করে যাচ্ছে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই।সিপিবির নেতারা করাইল বস্তিসহ সব বস্তি উচ্ছেদ-প্রক্রিয়া বন্ধের দাবি জানান। এ দাবি না মানা হলে বস্তি উচ্ছেদের প্রতিবাদে গণ-আন্দোলনের হুমকি দেন তাঁরা।অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানায়, হাইকোর্টের নির্দেশেই বুধবার করাইল, গুলশান লেক ও সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত কেপিআইয়ের আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হয়। এই উচ্ছেদ কার্যক্রম চলাকালে কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি।