>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
সীমিত আকারে ভাইরাস নিয়ে আমাদের অল্পবিস্তর একাডেমিক পড়াশোনা হয়েছে। আর ইতিহাস লিখতে হবে, তাই শিখেছি সার্স, মার্স, ফ্লু ইত্যাদি ভাইরাসের ছোটখাটো রকমের মহামারির কথা। মৃত্যু প্রত্যেকটাই যন্ত্রণার কিন্তু প্রতিদিন দশ-পনেরোজন আমাদের দেশে সড়কে মরে, সীমান্তে মরে, ইউরোপ যাত্রায় পানিতে ঢুবে, না খেয়ে মরে, রানা প্লাজায় মরে, বিমান দুর্ঘটনায় মরে। এত সব মরার খবর শুনতে শুনতে কেমন যেন যন্ত্র হয়ে গেছি। দুফোঁটা চোখের জলে টেবিল ভাসাব, এমন হয় না। যন্ত্র হিসেবে শুধু সংখ্যাই গুনি। তাই এসব মহামারির মৃত্যুও ছোটখাটোই লাগে। এসব পরিসংখ্যান পড়তে গিয়ে থেমে যায় না। চলতে হয়। সংখ্যা মুখস্থ করতে হয়। আবার যখন স্প্যানিশ ফ্লুর কথা পড়েছি, এ রকম আর হবে কেন? সেই শত বছর আগের কথা। ভেবেছি আমরা এখন এগিয়ে গেছি। তবে ইবোলা আর জিকা ভাইরাসে কিছুটা ভীত হয়েছিলাম। এ জমানায় এসেছিল বলে। কিন্তু সব হিসাব পাল্টে গেছে। এখন মৃত্যু আর সংখ্যা নয়, শঙ্কা।
এইচএসসি পরীক্ষার মাত্র আট দিন আগে হোস্টেল ছেড়ে বাড়িতে চলে আসি। আসার আগে জ্বর ছিল আবার পরপর দুদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) গিয়েছিলাম। ভয় চেপে বসে। গলা শুকিয়ে যাচ্ছিল। রুমমেটরাও দূরত্ব নিশ্চিত করল। আবার দিনের শুরু, দুপুর বা রাতে দু–একটা খুচকুচে কাশি দিতাম। সবাই করোনা হয়েছে বলে খ্যাপাচ্ছিল।
আমি ভয় পেতাম ঠিকি কিন্তু বিশ্বাস ছিল যে ঢামেকে যাওয়ার কারণে যদি আমার করোনা হয়ে থাকে, তাহলে এই ঢাকার অনেকেই আক্রান্ত যদিও তখনো দু-একজন করেই শনাক্ত হতো। ভাইরাস নিয়ে মোটামুটি জ্ঞান থাকায় সতর্ক হওয়ার সঙ্গে ভয়ও পেয়েছিলাম। বাড়িয়ে আসার পর ঢোঁক গিলতে কিছুটা ব্যথা হচ্ছিল। খাপে খাপে সব লক্ষণ মিলে গেল। আমি আরও ভয় পেয়ে যাই। বাড়ির লোকদের সঙ্গে দূরত্ব নিশ্চিত করি। কিছুদিন পর শরীরের সব সমস্যা ঠিক হয়ে যায়। আমি নানুবাড়িতে চলে আসি। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এখানেই আমার পরিচিত মানুষগুলো। ভাইরাস নিয়ে এখানে হাঁটাচলায় আলোচনা হয়। প্রাথমিক সব পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। মানুষগুলোও একটু সচেতন। আর আমিও যথাসম্ভব যাকে পেরেছি, যেভাবে পেরেছি বোঝাচ্ছি। বিজ্ঞানসম্মতভাবে হোক আর যেভাবেই হোক সচেতন করে তুলছি। সব কথার মাঝে এটাও বলেছি যে কম বয়সীদের চেয়ে বৃদ্ধ ও অসুস্থদের জন্য করোনা বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু এই কথাটা আমার ষাটোর্ধ্ব নানুর জন্য হঠাৎ করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল। ভয় আর আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল তাঁর চেহারায়। গ্রামের অনেকের কাছে ভাইরাসের সত্যতা নিশ্চিত করাতেই যেখানে আমাকে ছোটখাটো সংগ্রাম করতে হয়েছে, সেখানে আমার নানু আমাকে সহজেই বিশ্বাস করছে। আর মৃত্যুর সঙ্গে বাস করা এমন বৃদ্ধ করোনায় মৃত্যু হতে পারে ভেবে আতঙ্কিত হবে, আমিও ভাবিনি। দুদিন চাপা ভয় আর স্বাস্থ্যবিধি না মানা লোকদের প্রতি হালকা ক্ষোভ প্রকাশ করতে দেখলাম। আর মারা যাওয়া লোকদের দাফনের করুণ অবস্থা দেখে বিষণ্ন দেখাচ্ছিল তাকে। আর এমন অপমৃত্যু থেকে বারবার আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছিল। আমিও নিশ্চিত হলাম তার ভয় এই অপমৃত্যু নিয়েই।
মসজিদের ঘাটলা এই এলাকায় আমার নানাভাইয়ের বয়সের মতোই পুরোনো। পাকা হলেও পুরোনো ভাব নিয়ে নিজের পরিচিতির আবহ ভাসিয়ে রেখেছে ঘাটলাটি। অনেকে ঘাটলা নাও চিনতে পারেন। ঘাট চেনেন নিশ্চয়। অভিধান খুঁজে আমার ধারণা করা আঞ্চলিক শব্দ ‘ঘাটলা’কে প্রতিষ্ঠিত রূপেই পেলাম। আর ঘাটলা একা নয়, প্রায় শতবর্ষী পুকুরেরও যথেষ্ট নামডাক আছে। এ গায়ে নতুন এসে থাকলে হয়তো পুকুরের বিশালতা আপনার নজরে পড়বেই। দিঘি বললে ব্যাটার হতো। কারণ, এর সঙ্গে ‘বিশাল’ টাইপ এমন একটা ভাব জড়িত। ‘দিঘি’ না হয়ে ভালোই হয়েছে, হলে দূরের মানুষ পুকুর এত বড় হয় কীভাবে ভেবে অবাক হতো না। তবে দূরের মানুষ অবাক হোক কিন্তু গায়ের মানুষের অবাক হওয়ার কী আছে? এটাকে তো রোজই দেখছে, সাঁতরাচ্ছে, গোমূত্র ফেলছে, বাড়ির গোসলখানার লাইনও আছে, বৃষ্টির পানিও পড়ে। মানে দূষণ নিত্যকর্ম। আবার হাঁস-মুরগি মরলেও এখানেই সমাহিত করা হয়। এমন বিশাল সমাধিস্থল পেয়ে তারাও হয়তো গ্রামবাসীর প্রতি স্বর্গীয় কৃতজ্ঞতা দেখাচ্ছে।
ঘাটলায় পাকা করা লম্বা চেয়ার বানানো। আসেন, বসেন, ফিল করেন আর ভালো লাগলে বিনে পয়সায় গোসল দিতে পারেন। গ্রামের যারা নিতান্তই অবসর কিংবা নিঃসঙ্গ, তারা এখানে এসে বসে। কয়েকজন হলে পায়চারি চলে। আমিও যাই, বসি। আমি কিছুটা অন্তর্মুখী ধরনের। নিঃসঙ্গতা আমারও সঙ্গী। আর এই লকডাউনে ঘরবন্দী থেকে মুক্তির উপায় ঘাটলায় বসে বসে পুকুরের বিশালতা দেখা আর একটু পরপর ছবি তোলা। আর দুয়েকটা নিঃসঙ্গ মনের মিল ঘটাতে পারলে অনেক কিছু বেরিয়ে আসবে। অনেক না বলা কথা, ভাবনা বেরিয়ে আসবে। মন্দ কী?
নানাভাইও ঘাটলায় বসে বসে কাটায় দিনের অনেকটা সময়। তার দিনের রুটিনে আছেই মাত্র কয়েকটি কাজ। ফজরের পর একটু রেস্ট। তারপর সোজা বাজারে। চা খাওয়া চাই। আমার দেখা একজন তুখোড় চাখোর মানুষ। ‘আরে, এখন তো লকডাউন চলে আবার ভাইরাসেরও সংক্রমণ বেশি, এ অবস্থায় বাজারে না গেলে হয় না?’ এমন একটা কথা বলার প্রয়োজন মনে করি না। কাজে দেবে না। যাহোক, বয়স ৯০ ছুঁইছুঁই। এখনো ফিট। বার্ধক্যজনিত রোগ নেই। তবে প্রস্রাবের সমস্যা আছে অনেক আগে থেকেই। ঢিলে আরকি! আর রাতে কয়েকবার জেগে উঠে প্রস্রাব করতে হয়। বিশ্রামপ্রত্যাসী এমন বয়সে বার্ধক্যজনিত দু–একটা সমস্যা থাকবেই। প্রাকৃতিক নিয়মেই তারা কষ্টভোগ করে।
কয়েক দিন নানাভাই ও এলাকায় নানাভাইদের সঙ্গে বসলাম। কথা–চালাচালি করলাম। দেখলাম নিঃসঙ্গতাই তাদের খুবলে খাচ্ছে। আবার তাদের অনেকেই সেটা বুঝতেও পারছে না।
কী গান শোনা হয়?
ছোটখাটো ও চাপা হাসি দিয়ে,
এখন কি আর গান শোনার সময় আছে?
তাহলে সময় কখন আর পাবেন, এখনই তো অবসর আছেন। গান শুনলে তো সময়টাও কাটে।
‘হ’ বলেই কিছুটা আনমনা ভাব দেখাল। আমি এমন রিক্যুয়েস্ট যেন আর না করি ভাব। বোঝা গেল কথাটা ভালো লাগলেও কি একটা বাধা আছে গান শোনার পথে।
আমরা গান শুনতাম। গাজীকালুর পালা হতো মাশাউড়ার বিলের পাড়ে। নদী সাঁতরে যেতাম। রাত দুইটার আগে বাড়ি আসতাম। তোমরা যা গানই শোনো, আমাদের মতো কি আর পারবা?
পারার দরকারও নেই। গান শোনা এখন অনেক সহজ। বুদ্ধি দিলাম বাচ্চামি করতে। আর জোয়ানকালের মাস্তানি করার গল্পগুলো শুনলাম। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্যহীনতার কথাগুলোও। তাদের চোখগুলো কোটরাগত। দৃষ্টিসীমা ছোট হয়ে এসেছে। কিন্তু বিশাল এই জীবনের অভিজ্ঞতার ঝুলিটা ছোট নয়। ভাবলাম তাদের কাছ থেকে শিখে নিতে পারি তাদের তখনকার পরিবার, সমাজ, রাজনীতি, সংগ্রাম, ফ্যাশন ইত্যাদি সম্পর্কে। নিজের পছন্দ করা কিছু খাবার তাদের সঙ্গে শেয়ার করতে পারি। খাবে না ঠিক, কিন্তু হাসি ফোটাতে পারি। তারা খাদ্যাভাবে ভোগে না হয়তো। কিন্তু সঙ্গহীনতায় ভোগে। কখনো স্মার্টফোন তুলে দিয়েছি। যা ইচ্ছে টিপুন। তাদের বিশ্রামের জন্য ঘরে সুন্দর ও পরিপাটি জায়গা নিশ্চিত করতে পারি। জীবনের এ শেষ সময়টাকে সাজিয়ে দিয়ে এভাবে আমরাই পারি তাদের নিঃসঙ্গতার পথ ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে। দুর্ভাগ্য হলো, এসব নিয়ম আমরাই তাদের জন্য বানিয়েছি। তাদের একা বানিয়েছি। আমাদের দেশের বৃদ্ধদের জন্য নিঃসঙ্গতা সত্যিই একটা বিশাল অভিশাপ। কারণ অনেকেই এ ব্যাপারটা খেয়ালই করে না। দূরে একা বাস করার মতো আক্ষরিক নিঃসঙ্গতার কথা এ দেশে খুব একটা শোনা যায় না, তবে পরিবারের অংশ হয়েও তারা পরিবারের অন্যদের থেকে কিছুটা অবহেলা কিংবা সঙ্গ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। পরিবারের আয়ের মানুষটি ব্যস্ত, বউয়েরা–ঝিয়েরা সংসার সামলাচ্ছে। নাতি–নাতনিরা খেলায় ব্যস্ত, বুড়োদের সময় দেবে কে?
*দ্বাদশ শ্রেণি, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা। [email protected]