করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

ঘুমটা আজ ভেঙে গেল সেই আবছায়া ভোরেই। আলসে সূর্যের আলো তখনো আমার শহরের অলিগলিতে পুরোপুরি এসে পৌঁছায়নি। ঘুম ভাঙার পর ধাতস্ত হতে কিছুটা সময় লাগল। হঠাৎ যেন ঠাওর করতে পারলাম না কোথায় আছি। বনানীতে আমার এলাকাটা এমনিতেই ঢাকার বেশির ভাগ জায়গার চাইতে বেশ নিরিবিলি। কিন্তু আজ ঘুম ভাঙার পর মনে হচ্ছিল যেন সুনসান নীরবতা! নিশ্ছিদ্র! নিরুপদ্রব!
কানে আসছিল শুধু অসংখ্য পাখির কিচিরমিচির। হঠাৎ মনে পড়ল প্রাগের (চেক রিপাবলিকের রাজধানী) কথা। দুই বছর আগে প্রাগে বেড়াতে গিয়েছিলাম। শহরের শেষ প্রান্তের আমার হোটেলটা ছিল একটা টিলার সঙ্গে লাগোয়া। পাথরের দেয়াল দিয়ে বানানো রুমের জানালাটা খুললেই শহর শেষের বনের শুরু। একটু দূরেই বিশাল এক কবরস্থান। চারপাশটা ছিল একদম নিরিবিলি, নিস্তব্ধ! প্রথম সকালটাতে ঠিক এ রকম আজকের মতো একা একাই ঘুম ভেঙে গিয়েছিল অনেক ভোরে। পূর্ব ইউরোপের সূর্যটাও তখন ভালো করে ওঠেনি। বনের পাশের সেই জানালা দিয়ে আসছিল অসংখ্য পাখির শব্দ। যেন মেলা বসেছে! ঠিক আজকের সকালটার মতো। ঢাকায় গত ২০ বছরে এত পাখির শব্দ শুনেছি বলে মনে পড়ে না। তাই হঠাৎ যেন ধাঁধা লাগল কোথায় আছি! ঢাকায়? নাকি প্রাগে?
করোনাভাইরাস কি এভাবেই বদলে দিচ্ছে পৃথিবী? সর্বশক্তিমান স্রষ্টা কি এটাই চাইছিলেন? দূষণ, নোংরা, ধোঁয়া, মারামারি, যুদ্ধ, হিংসা, লোভ আর স্বার্থপরতার চাপে ধূসর হয়ে যাওয়া পৃথিবীটা কি এভাবেই মুক্তি চাইছিল? ভেনিসের খালগুলোর পানি কত শতক পরে আবার নীল হয়ে উঠছে, মাছেরা ফিরে এসেছে সেখানে। চীনের ধোঁয়াভরা আকাশটা আজ পরিষ্কার নীল শাড়ি পরা। ইতালি-স্পেন-জার্মানি-ফ্রান্স-ইংল্যান্ডের কোলাহলমুখর রাস্তাগুলো সব নীরব, নিথর! গনগনে চুল্লিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারখানাগুলো হাঁফ ছেড়ে জিরাচ্ছে কত কত দশক পরে। দিল্লির বাতাস আবার দূষণহীন। আমেরিকার টাইমস স্কয়ার জনমানবহীন। দিন–রাত মানুষের চাপে পিষ্ট হওয়া কালো পিচের রাস্তাটা আর চোখঝলসানো বিশাল বিশাল এলইডি বোর্ডগুলো যেন বিশ্রাম নিচ্ছে। কক্সবাজারের সমুদ্রে আবার ফেরত এসেছে ডলফিনগুলো। পৃথিবীতে পেট্রোলের ব্যবহার কমে প্রায় অর্ধেক। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে এসেছে কল্পনারও বেশি পরিমাণে। সারা পৃথিবীর তাবড় তাবড় রাষ্ট্রনেতা কয়েক দশক ধরে অসংখ্য মিটিং-কনফারেন্স-ঘোষণা দিয়ে; আর পরিবেশবাদীরা নানান আন্দোলন-প্রতিবাদ-আহ্বান করেও যা করতে পারেননি, তা কেমন করে হয়ে গেল এক নিমেষেই! যেন এক অদৃশ্য জাদু!
পরিবারগুলো আবার একসঙ্গে খাবার টেবিলে বসছে, গল্প করছে। স্কুল-কলেজ যাওয়ার ব্যস্ততা নেই। ঘরের কোনা থেকে বের হচ্ছে ধুলা পড়া লুডুর কোর্টখানা। দাদু বসছেন নাতির সঙ্গে, দাবা খেলাটা এবার নাতিকে শেখানোর অবসর মিলেছে। বউ অবাক হচ্ছে, স্বামী যে এত মজার খিচুড়ি রান্না করতে পারে, তা আগে তো জানা ছিল না! ভাইবোনের খুনসুটি আড্ডাটা জমেছে আবার ড্রয়িংরুমের সোফায়। নেটফ্লিক্সের টু-বি-ওয়াচ লিস্টে থাকে মুভি সংখ্যাগুলো কমতে শুরু করেছে, দেখার সময় পাওয়া যাচ্ছে অবশেষে। ঘরের কোনায় পড়ে থাকা গিটারের তারে আবার উঠছে শব্দের ঝংকার।
জমতে থাকা গল্পের বইগুলো অবশেষে পাতা মেলতে শুরু করেছে। অনলাইনে যে কোর্সগুলো করার ইচ্ছা ছিল এত দিন, সেগুলো করার সময় মিলেছে অবশেষে। দূরে থাকা বন্ধুরা একে অন্যকে ফোন করছে। দরকার ছাড়া ফোন না করা আত্মীয়রা ফোন করছে কাজ ছাড়াই কেমন আছে সবাই জানতে। বহুদিন ধরে এক বিল্ডিংয়ে থেকেও একে অন্যকে না চেনা পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা একসঙ্গে বলছে, মিটিংয়ে বসছে কীভাবে নিরাপদে থাকা যায় সেই পরিকল্পনা করতে। সামাজিক দূরত্ব বজায় রাখার দণ্ড নিয়ে আসা এই ভাইরাস আসলে চুপি চুপি মানুষকে আরও বেশি সামাজিক করে তুলছে। আরও বেশি কাছাকাছি নিয়ে আসছে! যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা!
বাণিজ্যযুদ্ধের দামামা থমকে গেছে। যারা একে অন্যকে ঘায়েল করতে ওঠেপড়ে লেগেছিল, তারা এখন উল্টো চিন্তা করছে কীভাবে একে অন্যকে টেনে তোলা যায়। যুদ্ধ থেমে গেছে নিষ্ঠুর যুদ্ধক্ষেত্রেও। অন্য পক্ষের সৈন্যকে কীভাবে মারবে সেটি বাদ দিয়ে সেনাপতি এখন বরং ব্যস্ত তাঁর নিজের সৈন্যগুলোকে এই ভয়াল রোগ থেকে বাঁচাবেন কীভাবে সেটি নিয়ে। ভয়ংকর চেহারার কামানগুলো আর উগরে দিচ্ছে না মরণঘাতী গোলা। বোমারু বিমানগুলো ঝিমাচ্ছে হ্যাংগারে বসে। ওদের পেট থেকে শীতল বোমাগুলো বের করে আপাতত তুলে রাখা হয়েছে গুদামঘরে। সীমান্তের ওপারে থাকা অসহায় সাধারণ মানুষ কখন আচমকা মৃত্যু এসে ঘাড়ের ওপর পড়ে, সেই দুশ্চিন্তা থেকে একটু হলেও নিস্তার পেয়ে বহু বছর পর নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ধর্ম কিংবা আদর্শের নামে সন্ত্রাস করে বেড়ানো গোষ্ঠীগুলোও এখন নিজ নিজ ঘর রক্ষা করতে ব্যস্ত। সুইসাইড ভেস্টগুলোকে সরিয়ে রাখা হয়েছে দূরে। মানুষকে মারার পরিকল্পনা আপাতত স্থগিত। আমি দেখি, এ তো ভাইরাস নয়, বরং যেন শান্তির দূত! এ বছরের শান্তির নোবেল কোভিড-১৯ ছাড়া আর কে দাবি করতে পারে বলুন?
মানুষের কষ্টও হচ্ছে, ভীষণ কষ্ট! বিশ্ববাণিজ্য প্রায় স্থগিত। অর্থব্যবস্থা ভেঙে পড়ার মুখোমুখি। কাজ হারাচ্ছে, আয়–সংকটে পড়ছে অসংখ্য মানুষ। দারিদ্র্যসীমার কাছাকাছি থাকা মানুষগুলোর সংকট বাড়ছে রাতারাতি। বাড়ছে মধ্যবিত্তের সংকটও। তাদের সাহায্যে এগিয়ে আসছেন সামর্থ্যবান ব্যক্তিরা, এগিয়ে আসছে প্রতিষ্ঠানগুলো। সামর্থ্যবান-মানবদরদি সরকারগুলো ঘোষণা করছে ট্রিলিয়ন ডলারের সাহায্য। রাজনীতি আপাতত তোলা থাক ড্রয়ারে। লেখা হচ্ছে মানবিকতার আরেক মায়াবী গল্প!
মারা যাচ্ছে অসংখ্য মানুষ। হয়তো ছাড়িয়ে যাবে কল্পনারও বেশি সংখ্যাকে। ৭০ লাখের বেশি আক্রান্ত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাল কালির সংখ্যাগুলো। প্রাণ বাঁচাতে চলছে ডাক্তারদের মরণপণ যুদ্ধ। চলছে হাজার হাজার রোগীর ভিড়ে কাকে রেখে কাকে আইসিইউর মহামূল্যবান জায়গাখানি দেওয়া হবে সেই নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়ার কঠিন মানসিক লড়াই। পরিবারগুলো কাঁদছে, কিন্তু এমনকি শেষবারের মতোও ছুঁয়ে দেখতে পারছে না প্রিয়জনের ভালোবাসার হাত। কবরস্থানগুলোতে আর কফিন নামানোর জায়গা হচ্ছে না। শ্মশানকর্মীরা ক্লান্ত, বিধ্বস্ত। কত লাশই–বা আর পোড়ানো যায়!
তারপরও কেন যেন মনে হচ্ছে, এই পৃথিবীর জন্য আসলে ভাইরাস কি আমরাই, মানে এই মানবজাতিই নই? সবুজ-মায়াবী এই গ্রহকে আমরাই কি ছিঁড়েখুঁড়ে খেয়ে প্রায় ধ্বংস করে ফেলেছি না? গতকাল রাতে দেখছিলাম মাইকেল জ্যাকসনের সেই বিখ্যাত ‘Earth Song’ গানখানা। প্রতিটা লাইন যেন একেকটা থাপ্পড় দিচ্ছিল গালে:
What about sunrise
What about rain
What about all the things that you said
We were to gain!
Did you ever stop to notice
All the blood we've shed before,
Did you ever stop to notice
This crying Earth, these weeping shores!
আসলেই তো। লক্ষকোটি ধরনের প্রাণীর আবাস এই পৃথিবীর যে ক্ষতি এক মানুষ করেছে, তার ছিঁটেফোঁটাও কি অন্য কোনো প্রাণী সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত করেছে? একদমই না। তাহলে আসলেই এই পৃথিবীতে মানবজাতির বেঁচে থাকার যৌক্তিক অধিকার আছে কি? আমার তো মনে হয় মানুষই আসল ভাইরাস। কোভিড-১৯ বরং হাজির হয়েছে মানুষের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর মহান মিশন নিয়ে। আর তা–ই যদি হয়, তবে বরং ধ্বংস হয়ে যাক মানবজাতি। আমার কিংবা আমাদের সবার প্রাণের বিনিময়ে হলেও বেঁচে যাক এই পৃথিবী।