করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

‘সন্ধ্যায় জানাজায় যামু!’ ‘তোমার কি মাথা খারাপ হয়েছে!’—গিন্নির দরাজ গলা। গলা তো নয় যেন উর্দু রোডের ‘রাহমাত মাইক’। যে মানুষ দরাজ দিল, ঘরে বসে আছে এঁটে খিল। স্কুল বন্ধ, বেতন নেই, চিন্তাই বটে! আর কত দিন এভাবে হাত–পা গুটিয়ে বসে থাকা যায়। কোচিংও নেই। দুর্নীতির বাদশাহ সোয়াসের আলী বাবুদের মতো উপরি আয়ও নেই। ব্যাংকে গাদা গাদা টাকাও নেই, শুধু বেতনটুকুই।
দুপুরে মারা গেলেন সেন্টু ভাই। কি নেই! বাড়ি, দোকান, হোটেল! আজ তিনি নেই। হার্ট অ্যাটাক তাঁকে কেড়ে নিল। দীর্ঘদিন সবকিছু বন্ধ। চিন্তা একটাই, কীভাবে রুটিরুজি চলবে। মধ্যবিত্ত অসহায় মানুষদের যত জ্বালা। বুক ফাটে তো মুখ ফোটে না। পাঁচ সদস্যের সংসার। অভাব–অনটন লেগেই আছে। প্রতিদিন যাদের মুখ দেখে ঘুম ভাঙে, তারাও এখন ওই মুখ দেখতে চায় না। মুখ দেখলে তো আর পেট ভরবে না।
দেশে নাকি দুই প্রকারের ভাইরাস বিদ্যমান। কোভিড-১৯ (করোনা), অন্যটি খবিশ-২০ (চোরা না), চাল চোর, তেল চোর আরকি! এই দুর্দিনেও খবিশ-২০–দের ফোর টোয়েন্টিগিরি গেল না। খবরের কাগজে শুধু মৃত্যুর মিছিল। দিন দিন শুধু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও!
লকডাউন মানছেন না হতচ্ছাড়া মানুষেরা। একটুও ভয় নেই, করোনাভাইরাসও এ দেশে এসে বিপদে পড়ে গেছে। কেউ পাত্তাই দিচ্ছে না। চালাকও বটে! ক্ষণে ক্ষণে গতি–প্রকৃতিও বদলায়।
কয়েক দিন আগে মারা গেলেন পাড়ার তাজু ভাই। করোনা তাঁকে বাঁচতে দিল না। যেতে পারলাম, না দেখতে পারলাম। কাফন, দাফন, জানাজায় কোনো কিছুই স্বজনদের স্পর্শ করেনি। সবই করোনাযোদ্ধা, পুলিশ ও সেনাসদস্যদের তত্ত্বাবধানে হলো। আশপাশের বাড়িসহ লকডাউন পুরো এলাকা। তিনি নাকি প্রবাসফেরত সম্বন্ধীর সংস্পর্শে ছিলেন অনেক দিন। সম্বন্ধী লাপাত্তা!
এদিকে হার্ট অ্যাটাকে মারা গেলেন বই ব্যবসায়ী বাবু ভাই। খাওয়া–দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ রাত একটায় বুকে ব্যথা। ব্লাডপ্রেশার হাই। খেলেন টক দই। অবস্থা বেগতিক। পবিত্র জমজম পানি খেয়ে ডান কাতে মুখ আর বাঁয়ে নিতে পারলেন না। ডায়াবেটিস শূন্য হয়ে গিয়েছিল। চিনি খেলে হয়তো…
পাথর মন। যে পাথরে গাছ হয় না, ফুল ফোটে না। এক এক করে সব প্রিয়জন চলে যাচ্ছেন। আমরা কিছুই করতে পারছি না তাঁদের জন্য। কয়েক দিনের ব্যবধানে মারা গেলেন প্রতিবেশী ভাই শাহজাহান বাবুল, হাজি পিন্টু, তোতা মিয়া, মো. তারা মিয়া। তারা ভাইকে দেখা যাবে না আর আকাশের তারা গুনতে। আকাশের তারা হয়ে জ্বলজ্বল করবেন আমাদের মধ্যে। এমন সময়কালে মৃত্যু মানে করোনার আতঙ্ক, করোনা রোগী যেন। পারিপার্শ্বিক পরিবেশটা এমন হয়েছে যে ‘কেউ কারও নয়’। ইচ্ছা করলেই যেতে পারছি না, কিছু করতে পারছি না এক বুক কষ্ট আর আফসোস ছাড়া। চলে গেলেন না ফেরার দেশে আরিফ ও মীমের বাবা, তারিনের শ্বশুর, জেনিয়া-মুনিয়ার মা, হাজি নাসির ভাই, গোপীবাগের মনো খালা, কোলন ক্যানসার বাসা বেঁধেছিল। হলো না সংসারধর্ম। মনো খালা চিরকুমারী রয়ে গেলেন নিঃসঙ্গ জীবনে মৃত্যুকে আলিঙ্গন করে। মানুষের ফুসুরফাসুর আর ভালো লাগে না।
মারা গেলেই করোনা; দোহাই কাউকে ধরো না! কুকুটিয়ার মোয়াজ্জেম হোসেন আজিমপুরে! যেতে পারলাম কই, জানলামই তো পরে। আগে জানলেই কি যেতে পারতাম?
‘গ্রামের বাড়িতে চলে গেলেই ভালো হতো’—একটা ভয়–আতঙ্ক তাড়া করে সব সময়। গিন্নিকে বোঝালাম, ‘সৃষ্টিকর্তাকে স্মরণ করো। সব মুশকিল আসান হবে। আল্লাহ ভরসা।’ পরক্ষণেই গ্রামের বাড়ি থেকে ফোন এল—পাশের গ্রাম কাজলপুরে এক করোনা রোগী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবই ঠিক ছিল, বিপত্তি বাধল জানাজা নিয়ে। ফিরোজা ফুফা জানাজা পড়িয়েছেন। কাউকে পাওয়া যাচ্ছিল না। বাড়িতে ফিরে সেকি ঝক্কিঝামেলা পোহাতে হলো ফুফাকে। ঘরে ঢুকতেই দেওয়া হলো না। মেম্বার, চেয়ারম্যান এসে হাজির। লকডাউন পুরো বাড়ি। আলাদা ঘরে রাখা হলো ১৫ দিন। যে মানুষ বউ ছাড়া থাকতে পারে না এক মুহূর্ত। পাশের বাড়ির চেরি–মেরি আর ময়না–গয়নাদের মধ্যে লেগে যায় ঝগড়া, হাতাহাতি! এ বাড়ি ও বাড়ি আসা নিয়ে। ওরা ফিরোজা ফুফুদের পুকুরে মাছ ধরতে গিয়েছিল। করোনা যেন জালে জেঁকে বসেছে।
চিরচেনা দক্ষিণ মৈশুন্ডি ভূতের গলি আজ সত্যি ভূতুড়ে! বড় অচেনা সময়ে চলে গেলেন সেরু চেয়ারম্যানের বোন সুফিয়া বেগম (৯২) ও সাইদুর রাহমান। নুরুদ্দিন চাচাদের বাড়িটা এ পাড়াতেই। ইয়াসমিন, সুইটিদের বাড়ির ধারে বরফকলটি বন্ধ। নেই সদরঘাটগামী মানুষের আনাগোনা। কলতাবাজার, কোর্ট–কাছারি নিস্তব্ধ। নেই ধোলাইখালের টুংটাং শব্দ।
মাজার বাড়িতে আমার জন্ম। জন্মই যেন আজন্ম পাপ। এখানে বড় হয়েছি। বেড়ে উঠেছি। আজ কেউ নেই—মা–বাপ, ক্যানসার যার নেই অ্যানসার। তবু কাছে পেয়েছি, দেখেছি। কিন্তু করোনা! ধারেও না পাড়েও না। পেলে কাউকে ছাড়ে না।
নিরাশার মধ্যে আশার আলো—দেশ প্রথম রেমডেসিভির বানাল। বাণিজ্যিক নাম ‘রেমিভির’। সত্যি হয়তো বীর! বিশ্বে কমছে সংকটাপন্ন রোগীর সংখ্যা, গুরুতর রোগীদের ক্ষেত্রে ব্লাড থিনার আশানুরূপ ফল দিচ্ছে। আশায় বুক বাঁধি—
একদিন আলো-আঁধারি শেষে
পৃথিবী আবার উঠবে হেসে।
*৪৫/৩ আব্দুল আজিজ লেন, লালবাগ, ঢাকা। [email protected]