করোনাকালে শ্রমিকদের উপার্জনের সুরক্ষা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। আজ শনিবার সকালে
ছবি: সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন কলকারখানা বিরাষ্ট্রীকরণের মাধ্যমে ব্যক্তিমালিকদের লুটপাটের সুযোগ করে দেওয়া সংবিধানের মূলনীতির পরিপন্থী। মুখে বৈষম্য কমানোর কথা বলা হলেও সরকারি কর্মীদের বেতন স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে প্রায় ১০ গুণ ব্যবধান রেখে এবং ব্যক্তিমালিকানাধীন শিল্পে মজুরি নির্ধারণে আইনি মানদণ্ড না মেনে রাষ্ট্র সমাজের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করছে।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

করোনাকালে শ্রমিকদের স্বাস্থ্য, উপার্জনের সুরক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয়ভাবে এই সমাবেশের আয়োজন করা হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, আইএলও সনদ অনুযায়ী শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন ইত্যাদি।

সমাবেশ শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা বলেন, সংসদীয় স্থায়ী কমিটি পাটকলগুলো চালু ও আধুনিকায়ন করার সুপারিশ করলেও পাট মন্ত্রণালয় পাটকল ইজারা দিতে কমিটি করেছে। পাটকলগুলোর পর কয়েক শ কোটি টাকা ঋণ ও লোকসানের অভিযোগ তুলে চিনিকলগুলোর ছয়টিও বন্ধ করে দেওয়া হয়েছে।

যন্ত্রপাতির আধুনিকায়ন, পুরোনো ঋণ ও ঋণের সুদ মওকুফ করা এবং কারখানা পরিচালনা প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতি বন্ধ করে চিনিকলগুলো লাভজনক করা সম্ভব।

স্কপের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নূরুল আমীন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকীল আক্তার, বাংলাদেশ জাতীয় ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক আবুল কালাম, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আনোয়ার আলী প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।