করোনার রোজনামচা: এই সব দিন রাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
অলংকরণ : প্রথম আলো
অলংকরণ : প্রথম আলো

অবসরকালে কী করা যায়—এই বিষয়টা মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেক আগে থেকেই। বিশেষ করে ফ্রিল্যান্সিং ধরনের কিছু একটা হলে ভালোই হবে, কেননা কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা তো আছে। তাই বছরখানেক আগে থেকে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করতে থাকি। সেই সূত্রেই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সন্ধান পেয়ে যাই।
এর মধ্যে একদিন প্রথম আলো পত্রিকায় তাদের নিয়ে বেশ বড়সড় প্রতিবেদনে ফ্রিল্যান্সিংবিষয়ক তথ্য পেলাম। তখন ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলাম তাদের সঙ্গে। সেখান থেকেই জানতে পারলাম ২০২০ সালের জানুয়ারি মাসের পরবর্তী কোনো একসময়ে সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রিল্যান্সিং বিষয়ে একটা কোর্স করার পরিকল্পনা রয়েছে। তাই প্রায় নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলাম।
কিছু একটা শেখার আশায় সিনিয়র সিটিজেনদের জন্য আয়োজিত গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি হয়ে গেলাম জানুয়ারির ৩ তারিখে।
মার্চের ৩ তারিখে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত আমাদের কোর্সের ওরিয়েন্টেশন। পরের সপ্তাহ থেকেই নিয়মিত ক্লাস শুরুর ঘোষণা এবং যথারীতি মার্চের ৮, ১০ ও ১৫ তারিখে তিন দিন ঠিকমতো ক্লাস হলো। প্রথম দিন ওয়েব ডিজাইন, পরের দুই দিন ইনস্টাগ্রাম ওয়েব ব্যানার বিষয়ে ক্লাস হলো। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো। গ্রাফিক্স ডিজাইনের কাজ করার বিষয়ে ভালোই শেখাচ্ছিলেন। সবাই মোটামুটি ভালো আগ্রহের সঙ্গে এগোচ্ছিলাম। কিন্তু হঠাৎ করোনাভাইরাসের অপ্রত্যাশিত আর্বিভাবে সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। সারা দেশ লকডাউন, যথারীতি অফিস-আদালত, ক্লাস সবই বন্ধ হয়ে সবাই যেন গৃহবন্দী অবস্থা।
ছাত্র অবস্থায় জড়িত হয়ে গিয়েছিলাম খেলাধুলাবিষয়ক লেখালেখির সঙ্গে, একপর্যায়ে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গেও ভালোভাবে জড়িয়ে গেলাম। যার ফলে মধ্যরাত পর্যন্ত ব্যস্ততার কর্মজীবন এভাবেই চলছিল। এর মধ্যে ভিন্ন পেশা, ব্যাংকিংয়ের সঙ্গে জড়িয়ে গেলাম পারিবারিক ঐতিহ্য আর নানা অনিশ্চয়তার দোলাচলে। যাহোক, দুটোই একসঙ্গে চালিয়ে যাছিলাম।
একপর্যায়ে সময়ের দাবি বা ব্যাংকিং পেশার প্রয়োজনেই লেখালেখি বা ক্রীড়া সাংবাদিকতার পাট চুকিয়ে ফেলতে হলো। লাভ-লোকসানের হিসাব এখন নাই–বা করলাম, কেননা অতীত নিয়ে কোনো চিন্তা করি না। বরং যে অবস্থায় আছি তা বেশ ভালোই, তাই আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করছি। এরই মধ্যে ব্যাংকিং পেশা থেকেও অবসর জীবনের পথচলা শুরু। চাকরি জীবনে পুরো সপ্তাহ কীভাবে কেটে যেত, তা বুঝতে পারিনি। তার মধ্যে শুক্র-শনিবারের ব্যস্ততা থাকত আরও বেশি, কেননা বাজারসদাইয়ের জন্য কতবার বাইরে যেতে হতো, তা কখনো হিসাব করিনি। সেই দিনগুলোর বিপরীতে অবসর জীবন শুরুর সঙ্গে সঙ্গে করোনাকালের গৃহবন্দী জীবন। শুধু যে আমি তা নয়, সবাই যেন বাসায় বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছে।
এরই মধ্যে শুরু হলো লকডাউন পর্ব। কাজের বুয়াদের বাসভবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি। অতএব ঘরের কাজে স্ত্রীর হেল্পার হয়ে গেলাম। অবশ্য এই কাজে একেবারে নতুন নয়, মাঝেমধ্যে ওসি-ডিসির কাজ করেছি। কখনো কখনো বুয়ার লম্বা গর হাজিরার সময় টুকটাক অন্যান্য কাজে সাহায্যে এগিয়ে যেতাম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ওসি-ডিসির কাজ আবার কী? পাঠক একটু স্মরণ করে দেখুন কী সেই ওসি-ডিসির কাজ? হ্যাঁ, আজ থেকে ৩০-৪০ বছর বা তারও আগে কর্মের আশায় যাঁরা প্রবাস জীবন বেছে নিয়েছিলেন, তাঁদের কেউ কেউ মজা করে কাজের বিবরণ দিতেন ওসি-ডিসি হিসাবে কর্মের বিবরণ দিয়ে। অনেকে আবার সরাসরি বলতেন ওনিয়ন কাটার বা ডিস ক্লিনার।
কিন্তু করোনাকালের ৮–৯ ঘণ্টা ঘুমানোর পরও অফুরন্ত সময় কোনোমতেই যেন শেষ হতে চায় না। টিভির সামনে বসলেও সেই একই কাহিনি-করোনা ইস্যু, আতঙ্ক আর টেনশন থেকে দূরে থাকতে তাই অন্য চ্যানেল। এদিক–সেদিক ঘুরেফিরে রান্নাবান্নার অনুষ্ঠান দেখা বা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি, একবার এই বারান্দা তো আরেকবার এই রুমের জানালায় কালক্ষেপণ। কিন্তু এভাবে আর কত, কারণ আবাস তো আবার পাখিদের মতোই ভূমি থেকে অনেক ওপরে ১৪–১৫ তলার উচ্চতায়। অতঃপরও সময় রয়ে যায়। সাধারণ সময়ে ভোরে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে হেঁটে বেইলি রোড হয়ে রমনা পার্ক গিয়ে মোটামুটি এক চক্কর দিয়ে ফিরে আসার পথে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরে ফেরা। অতঃপর চা-নাশতা সেরে কর্মের পেছনে ছোটাছুটি তারপর আবার ঘরে ফেরা। এখন তারও অদলবদল সূচি—ফজরের নামাজ শেষে আরেক ইনিংস ঘুম দিয়ে ঘরের চার দেয়ালের মধ্যেই ৪০–৪৫ মিনিট হাঁটাহাঁটি, তারপর চা-নাশতা শেষে ওসি-ডিসির কাজ, এক দিন পরপর ঘর মোছামুছি, যা সবচেয়ে সহজ (এক বছর আগে চীন থেকে আনা ফ্লোর মপ দিয়ে। যেখানে পুরো বাসা মুছতে বুয়াদের লাগত ২–৩ বালতি পানি, সেখানে এই ফ্লোর মপ দিয়ে প্রয়োজন এক লিটারেরও কম পানি, শুধু তা–ই নয়, মপটি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় বলে মুছতে কোনো কিছুই বাদ যায় না, তা–ও আবার অল্প সময়ে। চীনাদের বুদ্ধির তারিফ করতে হয়)। এর ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট করা, প্রতিদিন তো বের হওয়া যাচ্ছে না। তাই ৪–৬ দিন পর একবার বের হয়ে বাজার সেরে নিয়ে ঘরে ঢুকে যাওয়া। এ তো গেল দিনের বেলার রোজনামচা।

সন্ধ্যার পর অফুরন্ত সময়। কী করা যায় ভাবতে ভাবতে তখনই মনে মনে ঠিক করলাম অলস বসে সময় নষ্ট করার চেয়ে তিন দিনের ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ে যা কিছু শিখেছি, তা নিয়ে চর্চা বা অনুশীন করলে কেমন হয়। তাই ঠিক করলাম শুরুতে বিজনেস কার্ড তৈরি করা যায় কি না চেষ্টা করা যায়। সঙ্গী হলো ইউটিউব এবং আমার কন্যা। শুরু করলাম কাজ, যেখানেই সমস্যায় পড়ি তখনই ডাক দিই মেয়েকে। এভাবেই এগিয়ে যেতে থাকি নতুন ভোরের প্রত্যাশায়, যেখানে থাকবে না করোনার আতঙ্ক। কারণ রাত অছে বলে দিন আসে, রোদের পরই তো আসে বৃষ্টি আর বিপদ–আপদ নিয়েই তো এই সব দিন রাত্রি!
এই কয়েক দিনে যা করলাম এখানে তা দিলাম। জানি না এগুলো কেমন হয়েছে বা আদৌ কিছু হয়েছে কি না, তবুও শান্তি এইটুকু যে অলসে সময় নষ্ট করার চেয়ে কিছু করে সময় কাটানোর একটা উপায় তো খুঁজে পেলাম। কী, কেমন হলো?
*লেখক: নাসিমুল কবির, শান্তিনগর, ঢাকা। [email protected]