করোনায় করণীয় জানেন না মাংস বিক্রেতারা
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রাণী নাড়াচাড়ার ক্ষেত্রে বিশেষ সচেতন থাকার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও)। কিন্তু এ ধরনের সচেতনতা খুব কমই মানা হচ্ছে ঢাকার কাঁচাবাজারে। করোনা বিস্তার ঠেকাতে ন্যূনতম তিন ফুটের যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, তা-ও মানা হচ্ছে না। খাদ্য সরবরাহ ব্যবস্থাপনা সচল রাখার জন্য শর্ত সাপেক্ষে খোলা রাখা হয়েছে কাঁচাবাজারগুলো। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে একদমই নেই কোনো সাবধানতা। সবচেয়ে অরক্ষিত প্রাণীর বাজার।
দক্ষিণ এশিয়ার কাঁচাবাজারের কর্মীদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি নির্দেশনা তৈরি করেছে। তাতে বলা আছে, প্রাণী বা প্রাণিজ পণ্য নিয়ে কাজ করার সময় সুরক্ষা আবরণ, গ্লাভস ও মাস্ক পরতে হবে। কাজ শেষে সুরক্ষা পোশাক খুলে ফেলতে হবে। এসব পোশাক প্রতিদিন ধুয়ে কাজের জায়গায় রেখে যেতে হবে। কাজের পোশাক ও জুতা পরে পরিবারের মানুষদের কাছে যাওয়া যাবে না।

কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মুরগি ও মাংসের দোকানের কর্মীরা সাবধানতা সম্পর্কে খুব কমই জানেন। কিছু সচেতন ক্রেতাকে মাস্ক আর বা গ্লাভস পরতে দেখা গেলেও কারওয়ান বাজারের প্রাণী ও পণ্য বাজারের বিক্রেতারা ভাবলেশহীন। সুরক্ষা আবরণ দূরের কথা, তাঁদের গ্লাভস ব্যবহার করতেও দেখা যায়নি। পথের মধ্যেই কাটা হচ্ছে মুরগি। পুরো পথেই আবর্জনা ছড়ানো হচ্ছে। বাজারের কর্মীরা ছাড়াও ক্রেতা ও পথচারীরা পায়ে করে আবর্জনা নিয়ে যাচ্ছেন।
একই অবস্থা মাংসের বাজারেও। ছোট ছোট দোকান, সেখানেই জবাই ও কাটাকুটি করা হয় পশু। মাঝে চলার পথেই পড়ে থাকে রক্ত ও বর্জ্য। নেই তরল বর্জ্য অপসারণের ব্যবস্থাও।
এখানকার কয়েকজন বিক্রেতা জানান, সিটি করপোরেশন থেকে তাঁদের কোনো পরিচ্ছন্নতাকর্মী, উপকরণ বা জীবাণুনাশক দেওয়া হয় না। তাঁরা নিজ উদ্যোগে নিজেদের দোকানের আশপাশ পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেন। এই করোনার কালেও কেউ আসেননি তাঁদের শিক্ষা দিতে।
হাতে গ্লাভস পরার বা অন্য পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তাঁরা যথেষ্ট উদাসীন। করোনা উপলক্ষে বাজারের বাইরে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাত ধোয়ার জায়গা করে সাবান পানি দেওয়া হয়েছে। কিন্তু দোকানে রাখা বালতির পানিতে একটু হাত ভিজিয়ে গামছায় হাত মুছে নেওয়ায় সীমাবদ্ধ তাঁদের হাত ধোয়ার আনুষ্ঠানিকতা।
মাংস কাটার সরঞ্জাম ধোয়া বলতে তাঁরা বোঝেন পাথরের পাটায় বা বালিতে ঘষে নেওয়া। এভাবেই রক্ত মুছে যায় ছুরি ও চাপাতি থেকে। ঘিঞ্জি দোকানগুলোর পানি সরার ড্রেন পর্যন্ত নেই। রক্তের পানি জমিয়ে রাখা হয় চৌবাচ্চায় সুবিধামতো ফেলে দেওয়ার জন্য।
কারোনাভাইরাস সংক্রমণ রোধে কাঁচাবাজারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় রয়েছে, প্রাণী ও প্রাণিজ পণ্য ধরার পর বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। দিনে অন্তত একবার জীবাণুনাশক দিয়ে প্রাণিজ পণ্যের এলাকা এবং সরঞ্জাম পরিষ্কার করতে হবে।

প্রাদুর্ভাবের এই সময়ে অনিরাপদ বাজার কার্যক্রম নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এই পরিস্থিতির জন্য বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি দায়ী করছে সিটি করপোরেশনকে।
মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল আলম প্রথম আলোকে বলেন, ঢাকা সিটি করপোরেশনের কোনো জবাইখানা নেই। যে যাঁর মতো জবাই করে তবুও সিটি করপোরেশনকে আমরা জবাইর মূল্য পরিশোধ করে থাকি। ভেটেরিনারি বিভাগ থেকেও আমরা প্রয়োজনীয় কোনো সহায়তা পাই না।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সিটি করপোরেশনের স্বাস্থ্য বা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে মাংস ব্যবসায়ীদের কোনোভাবে সচেতন করা হয়নি। দেওয়া হয়নি কোনো সুরক্ষা সরঞ্জামও।
অন্যদিকে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ মনে করছে, দায়টা ব্যবসায়ীদের। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, বাজারে শ্রমিকদের সুরক্ষা সরঞ্জাম দেওয়ার ব্যাপারটা বাজার কর্তৃপক্ষ বা মাংস ব্যবসায়ী সংগঠনের হওয়া উচিত। বাজারে খোলা অবস্থায় প্রাণী জবাইয়ের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, ভেটেরিনারি কর্মকর্তা পাঠিয়ে বিষয়টি অনুসন্ধান করবেন।
রাজধানীজুড়ে যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রিত হলেও কারওয়ান বাজারে নেই কোনো তৎপরতা। ঢাকার গুরুত্বপূর্ণ এই বাজার থেকে খাদ্যপণ্য সরবরাহ হয় পুরো শহরে।
চতুর্থ পর্যায়ের সংক্রমণ শুরু হওয়ার পরও এই বাজার নিয়ন্ত্রণ করা না হলে এর ফল কোথায় গিয়ে ঠেকবে জানে না কেউ। এই দায়িত্বহীনতার জন্য কতটা চড়া মূল্য আমাদের তখন দিতে হবে সেটাই এখন প্রশ্ন।