করোনায় মিশ্র অনুভূতির সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনার গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) সাপ্তাহিক ছুটির দিন শনি আর রোববার। এদিকে ১৭ মার্চ, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ছুটি ছিল। যদি মাঝে এক দিন সোমবারের ক্লাস বাতিল হয়, তাহলেই শনি থেকে মঙ্গল পর্যন্ত হাতে ৪ দিনের একটানা ছুটি। আর আইইউটিতে অন্তত তিন দিন একটানা ছুটি পেলেই ছাত্রদের বাসায় যাওয়ার ধুম পড়ে। বিশেষ করে প্রথম সেমিস্টারের ছাত্রদের তো এই প্রবণতা আরও বেশি। তাই একটানা ৪ দিন ছুটি পাওয়ার একটা সুযোগ এলে সবাই চাইল সেটার সদ্ব্যবহার করতে।

আগের সপ্তাহের বুধবার থেকেই একটা গুনগুন রব উঠে গেল, ‘সোমবারে ক্লাস ক্যানসেল চাই’, ‘সোমবারে ক্লাস ক্যানসেল চাই’। যে যে ডিপার্টমেন্টের সিআর পারল সোমবারের ক্লাসগুলো ক্যানসেল করেও নিল। কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের পক্ষে সেটা সম্ভব হলো না। অগত্যা কী আর করার, মন ভাঙা কষ্ট নিয়ে সপ্তাহান্তে পড়ে থাকতে হলো।

এদিকে আবার বৃহস্পতিবার, শুক্রবার থেকে শুনছি, জলদিই নাকি দেশে সাধারণ ছুটি দিতে পারে। না দিলেও অন্তত সব শিক্ষাপ্রতিষ্ঠান নাকি বন্ধ করে দেওয়া হবে ১৭ তারিখ বা তার পর থেকে। তখন করোনার ভয়াবহতা সম্পর্কে তেমন কোনো খবর রাখতাম না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে কয়েক কিলোমিটার দূরেই উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে যে একজন করোনা রোগীকে রাখা হয়েছে, সে খবরও এক বড় ভাই না বললে জানতামই না। তাই করোনার ভয়াবহতা উপলব্ধি করে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপ থেকে কয়েক দিন মুক্তি পাওয়ার আশাতেই মনে মনে চাচ্ছিলাম যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়। এদিকে বুয়েটের বন্ধুরা ১৪ মার্চ রাতেই বাসায় যাওয়ার জন্য বাসে উঠে গেল। সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও আইইউটি সেই ঘোষণা মানবে কি না বা মানতে বাধ্য কি না, এসব নিয়ে কোনো পরিষ্কার ধারণা ছিল না। তাই ছুটি পাওয়া না-পাওয়ার এক অনিশ্চয়তা মনের মধ্যে ঘুরছিল।

১৫ মার্চ, রোববার, দুপুর। নামাজ পড়ে ক্যাফেটেরিয়া থেকে খেয়ে কেবল চতুর্থ তলায় উঠেছি। রুমে ঢুকতে যাব, এ সময় দেখি আমাদের সিআর ছেলেটা, যে আমার পাশের রুমেই থাকে, সে তার রুম থেকে বের হচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম, আইইউটি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না। বলল, ‘২৯ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হবে মে বি।’

বললাম, ‘শিওর তো?’

ও বলল, ‘বন্ধ যে হচ্ছে, এটা তো শিওরই। কিন্তু খুলবে কবে তা কইতে পারি না।’

ব্যস, অন্তত ১৫ দিন তো ছুটি পাচ্ছি, এই খুশিতে চার দিন ছুটি মিস করার দুঃখ ভুলে গেলাম।

সে দিন আবার বেলা দুইটা থেকে একটা ক্রিকেট ম্যাচ ছিল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে।

রাজশাহীর কয়েকজন আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, ম্যাচ চলবে ৪টা বা সাড়ে ৪টা পর্যন্ত, তার আগে রওনা দেব না। আর যেহেতু বিকেল পর্যন্ত অপেক্ষা করছিই, তাই জ্যাম ঠেলে লোকাল বাসে ঝুলে ঝুলে আবদুল্লাহপুর বা চন্দ্রা যাওয়ার চেয়ে রাত ১১টায় যে বাস সরাসরি আইইউটির সামনে দিয়ে যাবে, তাতেই রাজশাহীর উদ্দেশে রওনা দেব।

যদিও মাত্র ১৫ দিন আগেই মিড সেমিস্টার ব্রেকে রাজশাহী ঘুরে গিয়েছিলাম, তবুও মনে হচ্ছিল যেন কত দিন এই শহর থেকে দূরে ছিলাম! হোম সিকনেস কী জিনিস, তা কখনোই বুঝতাম না, অ্যাডমিশন টেস্টগুলো শুরু হওয়ার আগ পর্যন্ত। আর এখন বাসা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তখন বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারছি। তাই ১৫ দিনের এই ছুটিটা যেন ঠিক আমার প্রতি আল্লাহর বিশেষ রহমত বলে মনে হচ্ছিল।

১৬ মার্চে ভোর ৫টায় রাজশাহী পৌঁছালাম। নিজের শহরে পা রাখার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে কেমন যেন একটা স্বস্তি আর আশ্বাস পাই, সেই সঙ্গে আসে আত্মবিশ্বাস।

রাস্তা ফাঁকা। হেঁটে হেঁটে রাজশাহী শহরের ধূলিকণাহীন বাতাস গায়ে মেখে বাসায় ফেরার এই সুযোগটা হাতছাড়া করলাম না। গাজীপুরে যেখানে ক্যাম্পাস থেকে বের হলেই মাস্ক আবশ্যক হয়ে দাঁড়ায়, পা ফেলার সময় বারবার খেয়াল করতে হয়, কারণ একটু বেকায়দায় পড়লেই কাপড় নষ্ট না হলেও অন্তত জুতা নষ্ট হবেই; সেখানে রাজশাহীর বাতাস আর ফুটপাতটাও যে হাঁটার জন্য উপভোগ্য বলে মনে হবে, এটাই তো স্বাভাবিক। আর অবশ্যই, লকডাউনের কারণে কবে আবার এভাবে বাইরে হাঁটাহাঁটি করতে পারব, সেই অনিশ্চয়তার ভয় তো ছিলই।

সাড়ে ৫টার দিকে বাসায় পৌঁছালাম। ব্যাগ ভর্তি করে বই নিয়ে এসেছি। ভেবেছিলাম, এই ১৫ দিনে খুব পড়ব। সেমিস্টারের সিলেবাস পুরোটা শেষ করব। আজ ১ মাস পার হয়ে আরও একটা সপ্তাহ হতে চলল, ব্যাগ থেকে মাত্র দুটো বই বের হয়েছে। বই দুটোও এখন টেবিলে বসে বসে গায়ে ধুলো মাখানো ছাড়া আর কোনো কাজ করছে না। বইগুলোও আমার মতো অলস হয়ে গেছে।

সবাই সময়টাকে ‘কোয়ারেন্টিন টাইম’ বলা শুরু করেছে। শুরুর দিকে কয়েক দিন ভালোই পড়াশোনা এগোচ্ছিল। সকালে দেরিতে ঘুম থেকে ওঠা, দুপুরে আবার ভাতঘুম দেওয়া, গভীর রাত পর্যন্ত ফেসবুকিং করে সূর্যোদয় না দেখলেও অন্তত পাখির ডাক শুনে ঘুমাতে যাওয়া, এর মধ্যেও অন্তত কিছুটা হলেও পড়াশোনা হচ্ছিল। কিন্তু করোনার কার্ভ যেমন অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী, ঠিক তেমনি আমার পড়াশোনার কার্ভ নিম্নমুখী।

এদিকে নিজে না পড়লেও ছোট বোনকে ঠিকই পড়াচ্ছি। পড়াশোনায় ফাঁকি দিলে ওকে বকাও দিচ্ছি। ভেতরে-ভেতরে খুব মজা লাগছে, নিজে পড়াশোনা না করলেও অন্যকে পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য বকা দিতে। এদিকে আমার বড় ভাইয়েরা আর শিক্ষকেরাও চেষ্টা করছেন আমাকে পড়াশোনা করানোর জন্য। লকডাউনে সবাই ঘরে বসে থাকলেও, এখন তো ইন্টারনেটের যুগ আর যেহেতু পড়ি কম্পিউটার সায়েন্সে, তাই লকডাউনের অজুহাতে চুপচাপ বসে থাকার সুযোগ আরও কম। প্রায় প্রতি সপ্তাহেই অনলাইন প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করলেও প্রোগ্রামিং শেখা এবং চর্চা যেন অব্যাহত থাকে। কিন্তু তাতেও ঠিকঠাক মনোযোগ দিচ্ছি না। এ কারণে মাঝেমধ্যে নিজেকে দোষী মনে হয়। তাঁরা কত আন্তরিকতা নিয়ে কত কষ্ট করে আমাদের জন্য কনটেস্টের আয়োজন করছেন, অথচ আমি সেটাকে যথাযথ গুরুত্ব দিচ্ছি না।

সময় কাটানোর প্রধান সঙ্গী এখন ইউটিউব আর ফেসবুক, সঙ্গে আছে মুভি আর টিভি সিরিজ। যতক্ষণ জেগে থাকছি তার শতকরা ৯০ ভাগ সময়ই এই চারটার কোনো না কোনোটার সংস্পর্শে আছিই। ভাগ্যিস ল্যাপটপ-ভর্তি মুভি নিয়ে এসেছিলাম আর কোয়ারেন্টিনের প্রথম দিকেই আগ্রহ অনুযায়ী কয়েকটা ইউটিউব চ্যানেল খুঁজে পেয়েছিলাম। না হলে এই সময়গুলো কীভাবে কাটাতাম, কে জানে! হাতে এতই ফাঁকা সময় চলে এসেছে যে ইউটিউব চ্যানেলগুলো প্লে লিস্টের মতো একবারে ওল্ডেস্ট আপলোড থেকে শুরু করে সব ভিডিও দেখে দেখে শেষ করছি।

ছাদে যে কয়েকটা গাছ রেখে গিয়েছিলাম, নতুন করে আবার তাদের যত্ন নিতে শুরু করেছি। দুটি বেডে মাটি পরিষ্কার করে শুধু ঘাস জন্মাতে দিয়েছি। মাঝেমধ্যে আমার অবাক লাগে। কী এমন জাদু আছে এই মাটির মধ্যে, যে তাতে একটানা কয়েক দিন পানি দিলেই কোনো বিশেষ পরিচর্যা ছাড়াই ঘাস জন্মাতে শুরু করে। ঘাস আছে আবার কয়েক রকমের। কোনোটা শুধু আড়াআড়ি বাড়তে থাকে, প্রতি পর্বে তার শিকড় বের হয়। কোনোটা একটু লম্বা হয়ে থেমে যায়। কোনোটার আবার সরু সরু পাতা যথেষ্ট লম্বা হয়। লম্বা লম্বা ঘাসগুলোতে যখন ধানের শিষের মতো শিষ আসছে, তখন দেখতে খুব ভালো লাগছে।

মাঝে কয়েক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শরীরচর্চার চেষ্টা করলাম। কিন্তু সকালের ঘুম তো লাখ টাকার চেয়েও দামি, আর আমি এখনো একজন বেকার মানুষ। তাই এই ব্যয়বহুল অভ্যাস কয়েক দিনের বেশি চালিয়ে যেতে পারিনি। দিনের মধ্যে দুবার ছাদে উঠে গাছগুলোকে পানি দেওয়া। এটাই আমার এখনকার প্রতিদিনের শরীরচর্চা।

সন্ধ্যায় নাশতা খাওয়াটা এখন পারিবারিক উৎসবের মতো হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো দিন ছোট বোন নতুন নতুন রেসিপি দিয়ে কিছু একটা বানাচ্ছে। স্পেশাল খাওয়াদাওয়ার আয়োজন হচ্ছে ঘনঘন। বিকেলে ছাদে বসছে লুডুর আসর। সবকিছু মিলিয়ে প্রায়ই উপলব্ধি করি, খুব সুখেই আছি। সব সময় মাথার ওপর ফ্যান ঘুরছে। ইলেকট্রিসিটি চলে গেলে আইপিএস আছে। প্রতিদিন অলস অবসর কাটাচ্ছি, খাওয়াদাওয়ার কোনো চিন্তা নেই। কখনো কখনো এত সুযোগ-সুবিধা আর আরাম আয়েশের মাঝে ডুবে থাকার জন্য নিজেকে অপরাধী বলে মনে হয়। আবার বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে যেতে হলে, তখন আবার কীভাবে মানিয়ে নেব, সেই ভাবনা মাথায় এলেই অস্থির হয়ে যাই। মাঝেমধ্যে ইচ্ছে হয়, ‘ইশ, যদি এভাবেই জীবন কেটে যেত। আর যদি কখনো বিশ্ববিদ্যালয়ে ফিরতে না হতো!’

আবার সমাজের গরিব মানুষগুলোকে দেখলে খারাপ লাগে। যেখানে আমি বাসায় দিনের মধ্যে পাঁচবার খাওয়ার বিলাসিতা উপভোগ করছি, সেখানে কারও বাসায় হয়তো ২-৩ দিন ধরে চুলাই জ্বলেনি। এ রকম মানুষের প্রতি একটা দায়িত্ববোধ অনুভব করছি, কিন্তু কিছু করতে পারছি না।

এদিকে আমার কয়েকজন বন্ধু ঠিকই এমন অসহায় মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করছে। গত মাসের শেষের দিকে ফান্ডিং নিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ৩৫টিরও বেশি পরিবারকে সাহায্য করেছে। একটা ফেসবুক পেজও খোলা হয়েছে www.facebook.com/JorotaRajshahi।

ওদের কোনো সাহায্য করতে পারছি না। আমি শুধু ঘরে বসেই আছি আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা করছি। ঠিক তো হবেই, ইনশা আল্লাহ, কিন্তু কত দিন পরে ঠিক হবে?

*লেখক: শিক্ষার্থী, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি। [email protected]