কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশের স্বজনকে চাকরির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য মারা গেলে তাঁদের পরিবারের সদস্যদের যোগ্যতা সাপেক্ষে পুলিশ বিভাগে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনা এলাকায় পুলিশের কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৫ সালে কর্তব্য পালনের সময় সারা দেশে সড়ক দুর্ঘটনা, দুর্বৃত্তের হামলার শিকার ও রোগাক্রান্ত হয়ে ১২৬ পুলিশ সদস্য মারা যান। গতকাল তাঁদের পরিবারের সদস্যদের হাতে স্বীকৃতি স্মারক দেওয়া হয়। এতে নগদ ৫০ হাজার করে টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও একটি করে ডিনার সেট রয়েছে।
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, যেসব পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন তাঁদের পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁদের পরিবারে যদি চাকরিযোগ্য কেউ থাকেন, তাঁদের পুলিশ বিভাগে চাকরি দেওয়া যাবে। পুলিশের চাকরির যোগ্যতা না থাকলে অন্য বিভাগে চাকরি দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘নিহত পুলিশ সদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আইজিপির কোনো তহবিল নেই। তবুও আমার পক্ষে যতটুকু করার করে যাব।’ কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য মারা গেলে তাঁদের অন্তত ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইজিপি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের এই আত্মত্যাগ দেশের মানুষ মনে রাখবে। আত্মোৎসর্গকারীরা পুলিশের শ্রেষ্ঠ সদস্য।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নিহত পুলিশ সদস্যদের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মইনুর রহমান চৌধুরী।
শুরুতে নিহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর স্বজনহারারা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।