কর্তব্যে অবহেলার অভিযোগ, চিকিৎসক অস্বীকার করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসায় তাহেরা বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর দুই ছেলে। তাঁরা বলেছেন, হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান নজরুল ইসলামের অধীনে ভর্তি হলেও রোগী মারা যাওয়ার আগমুহৃর্ত পর্যন্ত তিনি একবারের জন্যও তাহেরা বেগমকে দেখতে আসেননি, কোনো চিকিৎসাও দেননি।গতকাল শনিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাহেরা বেগমের ছেলে মফিজ উল্লাহ ও নূরুল হুদা এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে দুই ছেলে জানান, ২৫ জুলাই সকালে তাহেরা বেগমকে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর বুকে ব্যথা ছিল। ছয় ঘণ্টা হাসপাতালে থাকার পরও চিকিৎসক নজরুল ইসলাম হাসপাতালে আসেননি। সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। কর্তব্যরত নার্সের দেওয়া একটি মোড়কবিহীন ওষুধ সেবন করার পরই তাহেরা বেগম বমি করতে শুরু করেন। একপর্যায়ে তিনি মারা যান।সন্তানেরা বলেন, অবহেলার বিষয়টি হাসপাতালের পরিচালকের কাছে তাঁরা লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করে কর্তৃপক্ষ। কিন্তু তদন্ত কমিটি তাহেরা বেগমের ছেলে বা কোনো আত্মীয়ের সাক্ষ্য নেয়নি।মফিজ উল্লাহ বলেন, ‘মা মারা যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এতকিছুর পরও আমার মা কী কারণে মারা গেল, সেটাই আমরা জানতে পারিনি।’গতকাল সন্ধ্যায় কর্তব্যে অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেন নজরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘রোগীটিকে ভর্তি করার পর দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাঁর চিকিৎসা করেন। বেলা দুইটার দিকে আমি তাঁকে দেখি। তখন তাঁর অবস্থা স্বাভাবিক ছিল। সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।’হাসপাতালের পরিচালক আবুল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটি কেন পরিবারের সদস্যদের সাক্ষ্য নেয়নি, তা কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল শাফী মজুমদারই বলতে পারবেন।’যোগাযোগ করা হলে আবদুল্লাহ আল শাফী মজুমদার প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের পরিচালকের কাছে তাহেরার পরিবার লিখিত অভিযোগ করেছিল। সেটাই তাদের বক্তব্য ধরা হয়েছে। এ কারণে তাদের সাক্ষ্য দিতে ডাকা হয়নি।’ তিনি বলেন, কাগজপত্র পরীক্ষা করেই প্রতিবেদন তৈরি করা হয়েছে।