কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে পলিথিনের উৎপাদন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে পবা গতকাল মানববন্ধনের আয়োজন করে l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে পবা গতকাল মানববন্ধনের আয়োজন করে l ছবি: প্রথম আলো

পরিবেশবাদীরা বলেছেন, পলিথিন নিষিদ্ধের আইন বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সদিচ্ছা, আন্তরিকতা ও কর্তব্যবোধের অভাবে পলিথিনের উৎপাদন ও ব্যবহার আগের চেয়ে বেড়েছে। তাঁরা নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনকারী ও ব্যবহারকারীদের আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

গতকাল শনিবার রাজধানীর শাহবাগের চারুকলা অনুষদের সামনে পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়ন করার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৮টি পেশাজীবী, পরিবেশবাদী ও সামাজিক সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।

পরিবেশের কথা বিবেচনা করে সরকার ২০০২ সালে আইন করে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে। গতকালের মানববন্ধনে বক্তারা বলেন, পলিথিন নিষিদ্ধের আইন দেশের জনগণ সানন্দে গ্রহণ করেছিল এবং তা বাস্তবায়নের ফলে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু রাজনৈতিক অঙ্গীকারের অভাবে বর্তমানে আইনটি কার্যকর হচ্ছে না। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর তৎপরতা এবং নজরদারি না থাকায় আবার নিষিদ্ধ পলিথিন ব্যাগে বাজার সয়লাব হয়ে গেছে।

পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ পলিথিন তৈরির প্রায় ১ হাজার ২০০
কারখানা রয়েছে। এগুলোর বেশির ভাগই পুরান ঢাকাকেন্দ্রিক। পুরান ঢাকার অলিগলিতে রয়েছে প্রায় ৩০০ কারখানা।  মানববন্ধনে বক্তারা যেসব দাবি জানান, তার মধ্যে রয়েছে: পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়ন করা। পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ, পরিবহন ও ব্যবহারকারীদের আইনের আওতায় আনা।

মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।