কর্নেল তাহের (বীর উত্তম) ছিলেন একজন অকুতোভয় দেশপ্রেমিক। স্বাধীনতার পরপরই তিনি বুঝতে পেরেছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাই হয়ে গেছে। এ কারণেই বিদ্রোহ করে তিনি সে চেতনা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। কিন্তু কিছু ব্যক্তির উচ্চাভিলাষ চরিতার্থ করতে তাঁকে হত্যা করা হয়। তাই বিশেষ ট্রাইবুন্যালে তাহেরের হত্যাকারীদের বিচার করতে হবে।কর্নেল তাহেরের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কর্নেল তাহের সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।সভায় বক্তারা বলেন, দেশে যুদ্ধাপরাধীদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ দিয়ে তাঁদের পুনর্বাসন করেছিলেন জিয়াউর রহমান। তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি তাঁদের মদদদাতাদেরও বিচার করতে হবে।তাহের সংসদের সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাসানুল হক ইনু, খালেকুজ্জামান, লে. জে. (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীক, শাহরিয়ার কবির প্রমুখ।সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। আলোচনা শেষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১০-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।