কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে যাতায়াতে নারীদের জন্য যানবাহনের ব্যবস্থা করার পাশাপাশি কর্মক্ষেত্রে শিশুদিবাযত্নকেন্দ্র, আলাদা টয়লেটসহ নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারীশ্রমিকেরা। গতকাল শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন পেশার নারীশ্রমিকেরা এসব দাবি জানান।মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক আয়শা খানম। তিনি শ্রমিক আন্দোলনের নামে কোনো নাশকতামূলক কাজে যাতে নারীশ্রমিকদের কেউ ব্যবহার করতে না পারেন সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।পোশাকশিল্প কারখানা, নির্মাণশিল্প, ইটভাঙা, ট্যানারি, ব্যাংকের কর্মচারী, হকারসহ বিভিন্ন পেশার নারীরা সভায় অংশ নেন। সভায় কর্মজীবী নারীদের পক্ষ থেকে নারী-পুরুষের মজুরিবৈষম্য দূর, ট্রেড ইউনিয়নে অন্ততপক্ষে ১০ জন নারী সদস্যের অন্তর্ভুক্তি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা তৈরিরও দাবি তোলা হয়।সভায় আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক মালেকা বানু, আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী, আন্দোলন উপপরিষদের সদস্য শাহিদা পারভীন আলোচনায় অংশ নেন। নারীশ্রমিকদের বিভিন্ন আন্দোলনের কাহিনি বর্ণনা করেন নারী ও শ্রমিকনেত্রী শামসুন্নাহার ভূঁইয়া এবং আকলিমা আক্তার। সভায় মহিলা পরিষদের সদস্যরা নারীশ্রমিকদের বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরার অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি।