কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে নারীর ওপর যৌন হয়রানি প্রতিরোধে নারীকেই সচেতন হতে হবে সবার আগে। লজ্জা ও ভয় ভেঙে অভিযোগ জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অন্যদিকে প্রতিটি কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ে নিজস্ব নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করতে হবে।গতকাল সোমবার বেসরকারি প্রতিষ্ঠান অ্যালায়েন্স ফর উইমেন ওয়ার্কার্স রাইটস আয়োজিত কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ে জাতীয় সেমিনারে বক্তারা এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি অধ্যাপক ইশরাত শামীম।সেমিনারের প্রধান অতিথি এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, শুধু কর্মক্ষেত্রেই নয়, নারীরা ঘরে, বাইরে—সর্বক্ষেত্রেই যৌন হয়রানির শিকার। এ ধরনের নির্যাতনের ফলে নারীর সামাজিক মর্যাদা নষ্ট হয় ও তাঁকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। তাই সম্মিলিতভাবে এ নির্যাতন প্রতিরোধ করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে আইএলওর দেশীয় পরিচালক পানুদা বোনপালা বলেন, নারী ও পুরুষের মধ্যে সমতা আনা ছাড়া এ ধরনের নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে না। তিনি এ নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দেন।আলোচনায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন বলেন, সরকারি আমলা থেকে শুরু করে উচ্চপর্যায়ে কর্মরত ব্যক্তিদের বাড়িতেও গৃহকর্মীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। সেমিনারে আলোচনায় অংশ নেন নারীনেত্রী তালেয়া রেহমান, রোকেয়া রফিক, রেবেকা সুলতানা, আফরোজা পারভীন, সুমাইয়া ইসলাম প্রমুখ।