কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে সংবাদকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান
জেন্ডার সমতা ও কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি প্রতিরোধে গণমাধ্যমগুলোকে আরও সরব ভূমিকা পালন করতে হবে। বর্তমানে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বেশকিছু ঘটনা নজরে আনায় গণমাধ্যম নিজেদের দায়িত্ব পালন করেছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ মত জানান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আর্থিক সহায়তায় অ্যালায়েন্স ফর উইমেন ওয়ার্কার্স রাইটস এর আয়োজন করে। বক্তারা আরও বলেন, পরিস্থিতি বদলাতে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কর্মশালায় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি ইশরাত শামীম বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযান চালানোর জন্য গণমাধ্যমকর্মীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, নারীর প্রতি বিরাজমান যৌন হয়রানি ও জেন্ডার অসমতার জন্য প্রয়োজনীয় সামাজিক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এবং বর্তমানে গণমাধ্যমগুলোয় এ বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নীতিনির্ধারণী পর্যায়ে নারীর উপস্থিতি না বাড়ানো গেলে কার্যত অধিকার প্রতিষ্ঠা কঠিন হবে বলে মন্তব্য করেন ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক মো. শাহ হোসাইন ইমাম। অন্যদের মধ্যে মতামত দেন আইএলওর কর্মসূচি কর্মকর্তা টিআইএম নুরুন্নবী খান, এনজিওকর্মী ফারজানা শাহনাজ মজিদ প্রমুখ। —বিজ্ঞপ্তি