কর্মচারী নেতা হত্যার কারণ জানা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী জনস্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। গতকাল রোববার রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তারও হয়নি। গুলশান থানা সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে নিহত সিদ্দিকের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় বলা হয়, অজ্ঞাত পরিচয় তিন সন্ত্রাসী সিদ্দিককে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে গেছে। এতে হত্যাকাণ্ডের সম্ভাব্য কোনো কারণও উল্লেখ করা হয়নি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামালউদ্দিন জানান, পরীক্ষাগার সহকারী সিদ্দিক জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পাশে কর্মচারী ক্যানটিন পরিচালনা করতেন। এ ছাড়া তিনি সরকারি জমিতে ঘর তুলে ভাড়া দিয়েছেন। তাঁর প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করতে আইপিএইচ জামে মসজিদে ঢোকার সময় সন্ত্রাসীরা কাছ থেকে তাঁকে গুলি করে হত্যা করে। তিনি স্বাস্থ্য বিভাগীয় সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।