কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দুই কর্মচারীকে গতকাল শনিবার মারধর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কর্মীরা। এক রোগীর আত্মীয়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছাত্রলীগের পাঁচজন কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের ছাত্র শাহাদাত্ হোসেন, সমাজবিজ্ঞান প্রথম বর্ষের সাজিদুল ইসলাম, ব্যবস্থাপনা প্রথম বর্ষের আফসার হোসেন ও সংস্কৃত প্রথম বর্ষের আনিসুর রহমান। বিএসএমএমইউর প্রক্টর এ এফ এম জাকারিয়া স্বপন প্রথম আলোকে বলেন, দুর্ব্যবহারের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের সাত-আটজন ছাত্র সেকশন অফিসার চন্দনকে মারধর করেন। এরপর তাঁরা উপাচার্যের ব্যক্তিগত সহকারীর কক্ষে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। তখন তাঁদের ধাওয়া করে মেডিকেলের কর্মকর্তাদের সহযোগিতায় প্রক্টরিয়াল টিম চার ছাত্রকে আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার পর জসীমউদ্দীন হলের এক ছাত্রনেতা ৩০-৪০ জন ছাত্রকে নিয়ে আবার আসেন এবং সুমন নামে আরও এক সেকশন অফিসারকে মারধর করেন।ছাত্ররা জানান, সকালে ময়মনসিংহ থেকে জামাল নামের এক ব্যক্তি এক নারী রোগীকে নিয়ে হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের এক কর্মচারী লাইন ভেঙে অন্য এক রোগীকে সামনে নিয়ে যান। এ ঘটনায় জামালের সঙ্গে ওই কর্মকর্তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জামালকে মারধর করেন ওই কর্মকর্তা। পরে জামাল তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধু জাহিদ হাসানকে মুঠোফোনে ঘটনাটা জানান। এ ঘটনা শুনে জাহিদ সাত-আটজন ছাত্রকে মেডিকেলে পাঠান। জাহিদ জসীমউদ্দীন হল ছাত্রলীগের সক্রিয় কর্মী।