তুচ্ছ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর ভাইয়ের মাথা ফাটালেন ক্যাম্পাস শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরামবাগ হোটেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ধারালালের ভাই ইমন লাল তাঁর পরিবারের কয়েক জনকে নিয়ে আরামবাগ হোটেলে বসে ছবি তুলছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী ক্যাম্পাসের মেয়েদের ছবি তোলার অভিযোগ আনেন। এর জেরে তাঁকে মারধর ও কাচ দিয়ে মাথায় আঘাত করেন। পরে ইমনের ভাইসহ অন্য কর্মচারীরা তাঁকে উদ্ধার করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, হামলাকারী ওই শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মী নন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।