জীবিকার প্রয়োজনে যেসব মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাদের মধ্যে এইডসের ঝুঁকি বেশি থাকে। কাজের খোঁজে বিদেশগামী বাংলাদেশি, গার্মেন্টস কর্মী ও বাস-ট্রাকচালকদের এইডসের ঝুঁকি সবচেয়ে বেশি।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিএলএফ) ও বাংলাদেশ ওকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি), ট্রাকচালক ফেডারেশন, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন বিশ্ব এইডস দিবস উপলক্ষে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে বিজিএমইএর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০০৮-০৯ অর্থবছরে চার হাজার ৮২৫টি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ৩১ লাখ গার্মেন্টস কর্মী আছেন। তাঁদের বড় অংশই নারী এবং তাঁদের বেশির ভাগ থাকেন বস্তিতে। অশিক্ষা, অসচেতনতা, দারিদ্র্য, নিম্নমানের আবাসনব্যবস্থা ও পারিপার্শ্বিক নানা কারণে এসব নারী এইডসের ঝুঁকিতে থাকেন। একই কারণে মাদকসেবী ও হিজড়া সম্প্রদায়ের লোকজনেরও এইডসের ঝুঁকি বেশি।বক্তারা বলেন, এইডসের প্রভাবে আফ্রিকায় মানুষের গড় আয়ু ৩০ বছরে নেমে এসেছে। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক অবস্থা বিবেচনায় স্বাস্থ্যকে তেমন গুরুত্ব দেয় না। তা ছাড়া এইডস ও যৌনরোগ পরীক্ষার সুযোগ সবাই পায় না। এর ওপর দীর্ঘ সময় কাজ করার কারণে স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের অনীহা সবচেয়ে বেশি।বছরে কমপক্ষে দুবার শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপন, শ্রমিকদের বিনা মূল্যে ও সুলভে কনডম ও অন্যান্য উপকরণ সরবরাহ, কমিউনিটি পর্যায়ে এইডস-সম্পর্কিত তথ্য সেবাকেন্দ্র স্থাপন, জাতীয় এইডস প্রতিরোধ কার্যক্রমে ট্রেড ইউনিয়নকে সম্পৃক্ত করা ও কর্মক্ষেত্রের জন্য এইডস নীতিমালা তৈরির দাবি জানান তাঁরা।বিএলএফের চেয়ারম্যান আবদুস সালাম খান, সংগঠনের উপদেষ্টা রায় রমেশ চন্দ্র, মহাসচিব জেড এম কামরুল আনাম, ওশির সহকারী নির্বাহী পরিচালক চায়না রহমান প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।