কর্মসংস্থানের দাবিতে যুব ইউনিয়নের স্মারকলিপি
শিক্ষা-কাজের অধিকারসহ যুগোপযোগী জাতীয় যুবনীতি প্রণয়ন, মৌলিক অধিকার হিসেবে কর্মসংস্থানের সাংবিধানিক স্বীকৃতি, সরকারি সব শূন্যপদে দ্রুত নিয়োগ, নিয়োগের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রথা বাতিলসহ ১০ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।গতকাল শনিবার মুক্তাঙ্গনে প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ‘প্রতি ঘরে একটি কর্মসংস্থান’-এর দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সাত সদস্যের একটি দল এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়। সাত সদস্যের এ দলের নেতৃত্ব দেন যুব ইউনিয়নের সভাপতি কাফী রতন।সমাবেশে নেতারা বলেন, ‘আসন্ন বাজেটে প্রতি ঘরে একটি কর্মসংস্থানের প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারের প্রতিফলন দেখতে চাই।’ এর আগে মুক্তাঙ্গনে স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সদস্য তারিক হোসেন। স্মারকলিপিতে জমা দেওয়া অন্য দাবিগুলো হলো: কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন নতুন কারখানা গড়ে তুলতে গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করা, কর্মসংস্থানপ্রত্যাশীদের জন্য ‘কর্মসংস্থান নিবন্ধীকরণ কেন্দ্র’ চালু করা, কৃষিতে উদ্বৃত্ত শ্রমশক্তির কর্মনিয়োজনের জন্য প্রতি উপজেলায় শিল্পাঞ্চল গড়ে তোলা, সরকারি ইন্টারনেটে ‘জব সাইট’ চালু করা প্রভৃতি।