জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী
কর্মসূচি বাস্তবায়নে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি
উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা কর্মসূচি আরও সফল করতে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সম্পদ সংগ্রহ, নেটওয়ার্ক তৈরি এবং প্রজনন স্বাস্থ্য-সম্পর্কিত প্রযুক্তি হস্তান্তরের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পিপিডিভুক্ত ২৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা।গতকাল রোববার পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) আয়োজিত জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে তাঁরা এই প্রতিশ্রুতির কথা বলেন। গতকাল ‘ঢাকা ঘোষণা’ সর্বসম্মতভাবে গ্রহণ করার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার মন্ত্রীসহ বিশেষজ্ঞ ও গবেষকেরা অংশগ্রহণ করেছেন।সম্মেলনের শেষ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ঢাকা ঘোষণা বাস্তবায়নের জন্য সদস্য দেশ, নাগরিক সমাজ, দাতাগোষ্ঠী, গণমাধ্যম সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর মূলত জোর দেওয়া হয়।জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক এই সম্মেলনে ২০১৪ সালের পর করণীয় নির্ধারণে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয়েছে। এই ঘোষণায় প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সব মানুষের সুযোগ বৃদ্ধি; পরিবার পরিকল্পনা বিষয়ে লন্ডন সম্মেলনের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নেওয়া; কিশোর-কিশোরী ও নানা প্রান্তিক মানুষের অধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ; প্রজনন, মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ; এইচআইভি ও এইডস মোকাবিলায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধি; জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়। ঘোষণায় বলা হয়েছে, এসব বিষয় বাস্তবায়নে পিপিডির সদস্য ২৫টি দেশ প্রতিশ্রুতিবদ্ধ।পিপিডির চেয়ারম্যান এবং ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ বলেন, সম্মেলনে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সদস্য দেশ ও দাতারা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আরও সম্পদ সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সবার দায়িত্ব ‘ঢাকা ঘোষণা’ বাস্তবায়নের জন্য কাজ করা। ১৯৯৪ সালে কায়রোতে অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সুপারিশ বাস্তবায়নের উদ্দেশ্যে উন্নয়নশীল ১০টি দেশ নিয়ে পিপিডির যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্যসংখ্যা ২৫। বিশ্বের ৫০ শতাংশের বেশি মানুষ এই ২৫টি দেশে বাস করে। পিপিডির সচিবালয় ঢাকায়। আজ প্রধানমন্ত্রী শেখ হসিনা পিপিডি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।