কর্মস্থলে ফেরার দাবিতে মালয়েশিয়াপ্রবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন করেন মালয়েশিয়াপ্রবাসীরা। ঢাকা, ০১ জুন
ছবি: হাসান রাজা

পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করে করোনার টিকা প্রদান করাসহ ছয় দফা দাবি জানিয়েছেন ছুটিতে থাকাকালে কোভিড-১৯-এর কারণে বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়াপ্রবাসীরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে প্রবাসীরা এসব দাবি জানান।

তাঁদের অন্য দাবিগুলো হলো ইতিমধ্যে মালয়েশিয়ায় যাঁরা যাওয়ার অনুমতি পেয়েছেন, তাঁদের ওয়ান–স্টপ ভিসা সেন্টারের মাধ্যমে রিএন্ট্রি ভিসা দিয়ে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে নিজ কর্মস্থলে পাঠানো। ‘মাই ট্রভেল পাস’–এর মাধ্যমে কূটনৈতিকভাবে সাত দিনের মধ্যে অ্যাপ্রুভ্যালের ব্যবস্থা করা। দেশে আটকে থাকা মালয়েশিয়াপ্রবাসীদের দ্রুত মালয়শিয়ায় কর্মস্থলেন পাঠানোর ব্যবস্থা করা।

নিয়োগকর্তা যোগাযোগ করছেন না, এমন সব মালয়েশিয়াপ্রবাসীর তালিকা করে পুনরায় তাঁদের কর্মস্থলে ফিরিয়ে নিতে উদ্যোগ নেওয়া এবং বর্তমান অবস্থা বিবেচনা করে কোয়ারেন্টিনের খরচ সরকারকে বহন করা।

মানববন্ধনে প্রবাসীরা বলেন, অনেকের কাজের মেয়াদ শেষ হয়েছে, কারও হতে যাচ্ছে। কর্মহীন দেশে থাকতে থাকতে অর্থনৈতিক অবস্থাও খারাপ। তাই সরকার যেন তাঁদের কথা চিন্তা করে।