কর্মীকে ছাড়াতে গিয়ে পুলিশের পিটুনি খেলেন যুবলীগের নেতা-কর্মীরা
মিরপুরের শাহ আলী থানায় আটক যুবলীগের এক কর্মীকে ছাড়িয়ে আনতে গিয়ে গতকাল রোববার পুলিশের পিটুনি খেয়েছেন স্থানীয় যুবলীগের ছয়জন নেতা-কর্মী। এ ঘটনার পর মিরপুরের আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সব পুলিশের অপসারণের দাবিতে দুই ঘণ্টা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শাহ আলী থানার ওসি মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের সোর্সকে মারধর করলে পুলিশ যুবলীগের নেতাদের পিটুনি দেয়। থানা সূত্র জানায়, গত শনিবার রাতে শাহ আলী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ স্থানীয় যুবলীগের চারজনকে আটক করে। তাঁদের মধ্যে ইউসুফ আলী নামের একজনকে ছাড়িয়ে আনতে রোববার সকালে স্থানীয় যুবলীগের নেতারা থানায় যান। পরে অবশ্য ইউসুফকে ছেড়ে দেওয়া হয়। ইউসুফকে পুলিশের সোর্স হারুন ধরিয়ে দিয়েছেন সন্দেহে পুলিশের পিকআপে থাকা হারুনকে যুবলীগের নেতা-কর্মীরা চর-থাপড় মারেন। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যদের ডেকে আনেন। তাঁরা গিয়ে মারধর শুরু করেন। যুবলীগের নেতা-কর্মীরা দাবি করেন, এএসআই সাজ্জাদের নেতৃত্বে শাহ আলী থানার একদল পুলিশ রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে মহানগর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি লুৎফর রহমান ওরফে পিয়ার এবং ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ছয়জনকে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ কর্মী বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।