স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের কর্মীদের কেউ মাদক সেবন কিংবা মাদক ব্যবসা করছে কি না, খেয়াল রাখুন। রাজনীতিকে মাদকমুক্ত রাখতে হবে।’গতকাল রোববার মাদক পাচার ও মাদকের অপব্যবহার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রধান অতিথি ছিলেন।বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী। আলোচনা শুরুর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে একটি মানববন্ধন করা হয়। আলোচনা সভায় মাদকবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ব্যাপকভিত্তিক প্রচারণা, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গতিশীলতা আনতে ব্যাপকভিত্তিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কর্মকর্তাদের ওয়াকিটকি দেওয়া হচ্ছে, জনবল ও যানবাহন-সংকট নিরসনের উদ্যোগও নেওয়া হয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখন বাজারে এক বোতল ফেনসিডিলের দাম দুই হাজার ২০০ টাকা। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতায় ফেনসিডিলের সরবরাহ কমে যাওয়ায় এ অবস্থা হয়েছে।’স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।