কর্মীদের বের করে দিয়ে প্রশিকা ভবনে পুলিশের তালা
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার মিরপুরের প্রধান কার্যালয়ে আবারও পুলিশ অবস্থান নিয়েছে। বুধবার রাতে প্রশিকা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এরপর থেকে প্রশিকার কর্মকর্তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তারা।প্রশিকার কর্মকর্তারা অভিযোগ করেন, বুধবার গভীর রাতে পুলিশ তাঁদের কোনো কারণ না দেখিয়েই ভবন থেকে বেরিয়ে যেতে বলে। অন্য কর্মকর্তারা সকালে এসে দেখেন, ভবনের দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। কোনো কর্মকর্তাকেই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।গতকাল সকালে প্রশিকা ভবনের সামনে গিয়ে দেখা গেছে, ব্যারিকেডের পাশাপাশি জলকামানও তৈরি রেখেছে পুলিশ। ব্যারিকেডের ভেতরে কোনো কর্মকর্তাকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।এদিকে গত বুধবার প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থাটির প্রধান নির্বাহী মাহবুবুল করিমকে ফিরিয়ে দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সংস্থার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন আপিল বিভাগ। প্রশিকার প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, বুধবার রাত দেড়টায় প্রথমে পল্লবী থানার পুলিশের কর্মকর্তারা কার্যালয়ে আসেন। ১৫ মিনিট পরই সাদা পোশাকে ১৫ থেকে ২০ জন পুলিশের সদস্য কার্যালয়ে ঢুকে পড়েন। তাঁরা সবাইকে ভবন ছেড়ে চলে যেতে বলেন। ৫০ জনেরও বেশি পুলিশের একটি দল কার্যালয়ে ঢুকে বিভিন্ন তলায় গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দিতে থাকেন। ওই সময় পল্লবী ছাড়াও মিরপুর ও শাহ আলী থানার পুলিশ ছিলেন বলে তিনি দাবি করেন। কর্মকর্তা ও কর্মচারীদের ভবন থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। প্রশিকার ক্ষুদ্র ঋণবিষয়ক কর্মসূচির প্রধান কর্মকর্তা শেখ আলী আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘কাজ করতে এসে দেখি কার্যালয়ের প্রধান ফটকে তালা আর পুলিশের প্রহরা। এভাবে তো চলা যায় না।’পল্লবী থানার সহকারী উপপুলিশ পরিদর্শক সাইফুর রহমান বলেন, আদালতের নির্দেশে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখানে অবস্থান নিয়েছে। এ ব্যাপারে প্রশিকার কর্মীদের বলাও হয়েছে।