কলতাবাজারে ডাস্টবিন তুলে ফুলের বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কলতাবাজারের কাজী আবদুর রউফ সড়কে দীর্ঘদিন ধরে ছিল সিটি করপোরেশনের স্থায়ী ডাস্টবিন। নাকে হাত চেপে চলাচল করতেন পথচারীরা। সেই ডাস্টবিন তুলে দিয়েছে একটি বেসরকারি সংগঠন। তার বদলে সেখানে তৈরি হয়েছে ফুলগাছঘেরা বসার স্থান৷ মহল্লার বাসিন্দাদের কাছে জায়গাটি এখন আড্ডাস্থল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কলতাবাজার পঞ্চায়েত কমিটির সেবামূলক সংগঠন ক্লিন অ্যান্ড গ্রিন-এর সদস্যরা এ উদ্যোগ নিয়েছেন। ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজের প্রত্যয়’ স্লোগানে ২০০৭ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪২ নম্বর ওয়ার্ডে পড়েছে।
ক্লিন অ্যান্ড গ্রিনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুবেল বলেন, মানুষের চলাফেরার সুবিধার্থে কাজী আবদুর রউফ সড়কের ডাস্টবিন উচ্ছেদ করে বিভিন্ন ধরনের ফুল এবং ঔষধি গাছ লাগানো হয়েছে৷ পর্যায়ক্রমে পুরান ঢাকার আরও অনেক স্থান সবুজায়ন করা হবে।
সরেজমিনে দেখা যায়, কাজী আবদুর রউফ সড়কের কবি নজরুল সরকারি কলেজের উত্তর-পূর্ব পাশে আছে ছোট এই বাগান। এতে আছে গোলাপ, রক্তজবা, হাসনাহেনাসহ বিভিন্ন ফুল এবং ঔষধি গাছ। কয়েকটি টবে আছে ঝাউ ও পাতাবাহার। বাগানের পশ্চিম পাশে আছে বসার জন্য বেঞ্চ, ওপরে শামিয়ানা টানানো। এখানে বসে চা খাচ্ছেন মহল্লার বাসিন্দারা।
নিয়মিত এই বাগানের পাশে বসে বিভিন্ন ব্যক্তির সঙ্গে গল্প করেন রোকনপুর প্রথম লেনের বাসিন্দা আবদুল ওহাব। তিনি বলেন, আগে ডাস্টবিনের কারণে এই সড়কে ছড়িয়ে থাকত ময়লা-আবর্জনা। ফলে স্কুলের বাচ্চা থেকে শুরু করে সবাই নাক চেপে চলাচল করতেন। কিন্তু ডাস্টবিন উচ্ছেদের পর মহল্লার অনেকেই বসে গল্প-গুজব করেন। মহল্লাবাসী এখন আর ময়লা ফেলেন না।
ডিএসসিসি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কাজী আবদুর রউফ সড়কে প্রায় ২০ বছর ধরে বাসাবাড়ির বর্জ্য ফেলতেন ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী ও মহল্লার বাসিন্দারা। এভাবে ময়লা ফেলতে ফেলতে স্থানটি স্থায়ী ডাস্টবিনে রূপ নেয়। গত জুনে ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমের সহযোগিতায় তা উচ্ছেদ করা হয়। পরে ডাস্টবিন এলাকাটির তিন পাশে এক ফুট করে ইট গেঁথে ও মাটি দিয়ে ভরাট করে গাছ লাগায় ক্লিন অ্যান্ড গ্রিন।