কলম্বোগামী ৩৬ যাত্রীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কাগামী ৩৬ জনের যাত্রা স্থগিত করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের আটকে দেওয়া হয়।ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, ওই ৩৬ জন ভ্রমণ ভিসায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাচ্ছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল, সেখান থেকে মালদ্বীপে যাওয়া। তাঁদের পাসপোর্টে মালদ্বীপের ভিসা ছিল না। বাংলাদেশিদের তাৎক্ষণিক ভিসা (অন অ্যারাইভাল ভিসা) দেয় মালদ্বীপ। সাম্প্রতিক সময়ে দালালদের ফাঁদে পা দিয়ে কিছু তরুণ টাকা খরচ করে শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপে যাচ্ছেন।ইমিগ্রেশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গতকাল বেলা ১১টার দিকে এমজে-০৫০২ বিমানে তাঁদের কলম্বোয় যাওয়ার কথা ছিল। তবে ওই ৩৬ জন কী উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন, তার যথাযথ জবাব দিতে পারেননি। তাঁদের পাসপোর্টে দেখা গেছে, তাঁরা পর্যটক হিসেবে ভ্রমণ ভিসায় কলম্বোতে যাচ্ছেন। কিন্তু তাঁদের যাত্রার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন জবাব দেন। তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের যাত্রা স্থগিত করা হয়।ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপার মাজহারুল হক জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু তরুণ দালালদের খপ্পরে পড়ে এভাবে মালদ্বীপে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন। এই ৩৬ জনও কলম্বো হয়ে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে তারা নিশ্চিত হয়েছেন। এ কারণে তাঁদের আর যেতে দেওয়া হয়নি।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ব্যক্তিরা হলেন আসিক, বিল্লাল হোসেন, রুবেল, আক্তার, বিদু, মোজাহিদ, কাঁকন, জব্বার, ওসমান গনি, সফিকুল, আক্তার, জলিল, ফারুক, মোজান মিয়া, হারুন, মিলন, বশির, সোহেল, আনিসুর, আলী, বিল্লাল, খালেক, আলমগীর, তাসলিমা, শফিকুল, ইসমাইল, মতিন, নুরু মিয়া, আনোয়ার, মাহাবুবুর রহমান, সালাম, নজরুল, কামরুল, জাহাঙ্গীর আলম, মায়া বেগম ও আবদুর রশীদ।