২০১০ সালের স্নাতক সম্মান পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ১৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজন ডিনস অনার অ্যাওয়ার্ড এবং আটজন ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যা-লয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।জিপিএ ৩.৮৫-এর ওপরে পাওয়া শিক্ষার্থীরা ডিনস অনার অ্যাওয়ার্ড এবং জিপিএ ৩.৬০-এর ওপরে পাওয়া শিক্ষার্থীরা ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। ডিনস অনার অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের হাবিবুল্লাহ ও মো. আবদুল হাদী, উর্দু বিভাগের শামিমা নাসরীন, ইসলামিক স্টাডিজ বিভাগের সিরাজুম মুনিরা ও নাট্যকলা বিভাগের সৈয়দা ইফাত আরা।ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের মানজুরা মালিক আজমী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শারমিন নাহার, সংস্কৃত বিভাগের সোমা দে, ইতিহাস বিভাগের জাফরিন রিজওয়ানা, দর্শন বিভাগের তানজিনা মেহনাজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নাজমা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শামিমা ইয়াসমিন এবং ভাষাবিজ্ঞান বিভাগের তৌহিদা জাহান। কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মো. তৌফিকুল হায়দার। ধন্যবাদ জানান দর্শন বিভাগের চেয়ারপারসন লতিফা বেগম।