কলাবাগান থানার নাম পাল্টে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থানার নাম পাল্টে যাচ্ছে। নতুন নাম রাখা হচ্ছে ‘পূর্ব ধানমন্ডি থানা’। ধানমন্ডির ঐতিহ্য ধরে রাখতেই এ নামকরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, কলাবাগান থানার নাম পরিবর্তনসংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য প্রশাসনিক সচিব কমিটির বৈঠকে পাঠানো হচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পুরোনো ঐতিহ্যে ফিরে যেতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে কলাবাগানের নাম ছিল পূর্ব ধানমন্ডি থানা। তখন থেকেই এলাকাবাসীর দাবি ছিল এ থানার নাম পরিবর্তনের। মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৮ সালের জানুয়ারিতে ১৫০ বর্গকিলোমিটার জায়গা ও এক লাখ ২০ হাজার লোকসংখ্যা নিয়ে ‘কলাবাগান’ থানা গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। গত বছর ৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই থানার উদ্বোধন করেন। সে সময় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিরা কলাবাগান থানার নাম পরিবর্তন করে ‘পূর্ব ধানমন্ডি থানা’ করার প্রস্তাব করেন। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে কলাবাগান থানার নাম পরিবর্তন বিষয়ে একটি প্রস্তাব পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। পরে পুলিশ সদর দপ্তর থেকে এ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।