রাজধানীর কলাবাগান এলাকা থেকে গত শনিবার মৃত অবস্থায় উদ্ধার করা ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে পূর্বশত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা গতকাল এ অভিযোগ করেছে।গতকাল দুপুরে নিহত ওই ব্যবসায়ীর ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি নবিউল্লাহ (৩৬) ও আসাদ (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে। এর আগে শনিবার সকালে কলাবাগানের সেন্টার রোড এলাকা থেকে মোহাম্মদ হোসেনের লাশটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে গতকাল তাঁর পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করে।মোহাম্মদ হোসেনের বড় ভাই মোহাম্মদ রফিক প্রথম আলোকে জানান, মোহাম্মদ হোসেন স্ত্রী, সন্তান, মা ও ভাইবোন নিয়ে চকবাজার থানার খাজেদল সিং লেন এলাকার ১৭/১ নম্বর বাসায় থাকতেন। তিনি জেনারেটরের ব্যবসা করতেন। শুক্রবার সন্ধ্যার দিকে রিপন নামে স্থানীয় এক যুবক মদ্যপানের কথা বলে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁর আর কোনো খোঁজ মেলেনি। রোববার সকালে পত্রিকা দেখে তিনি কলাবাগান থানায় যান। থানায় সংরক্ষিত ছবি দেখে নিশ্চিত হওয়ার পর তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। রফিক অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে রিপন দুই সহযোগী নবিউল্লাহ ও আসাদকে সঙ্গে নিয়ে তাঁর ভাইকে কিছু খাইয়ে হত্যা করেছেন। ঘটনার দিন রিপনের সঙ্গে নবিউল্লাহ ও আসাদও ছিলেন।কলাবাগান থানার উপপরিদর্শক হাফিজুল ইসলাম জানান, গতকাল দুপুরে মোহাম্মদ হোসেনের ভাই মামলা করার পর বিকেলেই নবিউল্লাহ ও আসাদকে লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিপন পলাতক রয়েছেন।