কলাবাগান মাঠের পাশ থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান মাঠের পাশের ফুটপাত থেকে গতকাল বুধবার সকালে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশটি ফ্রিজ রাখার কার্টনের ভেতরে হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে সাদা গেঞ্জি ও কালো প্যান্ট রয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, লোকটিকে হত্যা করে লাশ ফ্রিজের কার্টনে ভরে কলাবাগান মাঠের ফুটপাতের ওপর ফেলে গেছে খুনিরা। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, খুনের সময় ধস্তাধস্তিতে তাঁর শরীরে আঘাত লেগেছে।