কলাবাগানে এক এনজিও কর্মকর্তা খুন, স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গ্রিন রোডের ভাড়া ফ্ল্যাটের নিজের শোয়ার ঘর থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে আবুল কাশেম (৫৩) নামের এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, কাশেমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার পর কলাবাগান থানার পুলিশ ৫১/৫২ গ্রিন রোডের সুবাস্তু এডি ফিশ ভবনের দ্বিতীয় তলার কাশেমের ১/এইচ নম্বর ফ্ল্যাটের খাটের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে। তাঁর গলায় আঘাতের চিহ্ন থাকলেও শরীরের কোনো স্থান থেকে রক্ত বের হতে দেখা যায়নি। পুলিশ বিছানায় ও এর নিচের তোশকে রক্তমাখা পায়ের ছাপ পেয়েছে। পুলিশ এসব আলামত জব্দ করেছে।গতকাল দুপুরে ওই বাসায় গেলে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, কাশেমের মৃত্যুর ঘটনায় তাঁরা কিছু টের পাননি। তবে প্রায়ই তাঁরা কাশেমের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়াঝাঁটি শুনতেন। গতকাল বিকেলে নিহত কাশেমের ভাতিজা নুরুজ্জামান বাদী হয়ে কাশেমের স্ত্রী ফাতেমী ও তাঁদের সন্তানের সাবেক শিক্ষক সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ফাতেমীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলার বাদী নুরুজ্জামান বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর চাচাতো ভাইয়ের সাবেক শিক্ষক সালাহউদ্দিনের সঙ্গে চাচির (ফাতেমী) সম্পর্ক হয়। সালাউদ্দিন ও চাচি মিলে তাঁর চাচাকে শ্বাসরোধে হত্যা করেছেন। কলাবাগান থানা হেফাজতে কাশেমের স্ত্রী ফাতেমী সাংবাদিকদের কাছে দাবি করেন, কাশেম খুন হননি। রাত তিনটার দিকে কাশেম বাথরুমে বালতির ওপরে পড়ে মারা যান। অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে কাশেম তাঁকে মারধর করতেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বেসরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক কাশেম হত্যাকাণ্ডের পেছনে স্ত্রী ফাতেমী গাউসুল আজমের হাত রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। খুনের ঘটনায় তাঁর ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের ছাত্র তওসিফ ইভান, লিফটম্যান ও নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।