কলাবাগানে ব্যবসায়ীর বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান এলাকার এক ব্যবসায়ীর বাসায় গতকাল মঙ্গলবার বিকেলে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল ওই বাসা থেকে সোনাসহ বিপুল পরিমাণ অর্থ ও মালামাল নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মী খোকনকে (২৭) আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মনিরুজ্জামান স্ত্রী ও সন্তান নিয়ে কলাবাগানের ৩৫/১ লেক সার্কাসের একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন। গতকাল বিকেলে মনিরুজ্জমানের স্ত্রী নাজনীন আক্তার তাঁর সন্তানকে নিয়ে বাইরে যান। মনিরুজ্জামান ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন। বিকেল পাঁচটার দিকে নাজনীন ফিরে দেখেন দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পান মেঝেতে মালামাল লন্ডভন্ড ও স্টিলের আলমারির দরজা ভাঙা। নাজনীন আক্তার প্রথম আলোকে জানান, চোরেরা তাঁর বাসা থেকে প্রায় দেড় লাখ টাকা, নয় ভরি সোনা, বুটিকসের বিভিন্ন সরঞ্জামাসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মী খোকনকে আটক করা হয়েছে।