কলাবাগানের ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজিসহ অন্যান্য অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সম্প্রতি আদালতের নির্দেশে এক জোড়া দুর্লভ ব্লু ম্যাকাও গোল্ড প্রিন্স ও প্রিন্সেসকে পৃথক করার পর ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, হাতিরপুলে আবদুল ওয়াদুদের মিনি চিড়িয়াখানায় সাত দিনের জন্য একটি ছাগল রেখেছিলেন ওসি এনামুল। প্রায় চার মাস পর ছাগলটি নিতে বললে ওসি ক্ষুব্ধ হন। এর পরদিন গত ৩ জানুয়ারি সকালে তিনি পুলিশ পাঠিয়ে ছাগলটি নিয়ে যান। ওই দিন বিকেলে আদালতের একটি আদেশকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রিন্স-প্রিন্সেসের বিচ্ছেদ ঘটান তিনি। এ ছাড়া মসজিদের নামে ওসি এনামুল হক ৪০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে পাঁচ হাজার টাকা দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন।আবদুল ওয়াদুদের আইনজীবী জানান, পাখি দুটিকে আলাদা করার ক্ষেত্রে ওসি দায়ী ছিলেন। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানান পাখিবিশেষজ্ঞ আবদুল ওয়াদুদ।গতকাল এ বিষয়ে চেষ্টা করেও ওসির বক্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি ওসি এনামুল হক প্রথম আলোর কাছে তাঁর বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ অস্বীকার করেন। প্রিন্স আর প্রিন্সেস খুবই দুর্লভ এক জোড়া ব্লু গোল্ড ম্যাকাও পাখি। দুটি পাখির মালিক দুজন। ঘটনাক্রমে মিলন ঘটেছিল প্রিন্স আর প্রিন্সেসের। কিন্তু আইনি জটিলতায় ওরা এখন দুই মালিকের কাছে রয়েছে।