কলাবাগানের ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
মোড়কে নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা, ওজনে কম দেওয়া, মেয়াদহীন পণ্য বিক্রিসহ বেশকিছু অভিযোগে রাজধানীর কলাবাগানের ১০টি প্রতিষ্ঠানকে দুই লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অধিদপ্তরের একটি দল গতকাল সোমবার কলাবাগান এলাকায় অভিযান চালায়। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় বিক্রমপুর বেকারি অ্যান্ড পিঠাঘর, পিজা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারি, শেফা ফার্মেসি, কৃশ ফার্মা, সুইচ ফার্মা ও লাজ ফার্মাকে মোট এক লাখ ১০ হাজার এবং বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, আজাদ হোটেল ও আশরাফ ভাঙ্গা হোটেলকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া ওজনে কম দেওয়ায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, পিজা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারি ও সম্রাট ফল ভান্ডারকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া মেয়াদহীন ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তরের উপসচিব এ বি এম বদিউজ্জামানের নেতৃত্বে অভিযানে বিসিএসআইআর, মৎস্য অধিদপ্তর, এফবিসিসিআই ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি অংশ নেন।