কলাভবন সংস্কারে এসিআইয়ের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও এর সঙ্গে ঐতিহাসিক স্থাপনার সংস্কারের জন্য ৮৭ লাখ ৪০ হাজার টাকা অনুদান দিয়েছে এসিআই ফাউন্ডেশন লিমিটেড। গতকাল মঙ্গলবার উপাচার্যের দপ্তর-সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়।
এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, এসিআই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, সুস্মিতা আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য বলেন, এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালে ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নেও তিনি অসাধারণ অবদান রেখে চলেছেন। এসিআই ফাউন্ডেশনের এ অনুদান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।