কলেজছাত্র আহত বাস ভাঙচুর
রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার বিকেলে বাসচাপায় মো. সোহেল (১৮) নামে এক কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা বাসটি ভাঙচুর করেছেন। এতে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।আহত সোহেল মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র। তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কলেজ ছুটির পর রাসেলসহ বেশ কয়েকজন ছাত্র কলেজের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় মিরপুর ১০ নম্বর থেকে ১ নম্বরের দিকে আসা বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাসেলকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে যান। পরে চালক বাসটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর দুই পা বাসের চাকার নিচে চাপা পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। ভাঙচুরের সময় বাস থেকে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। পুলিশ বাসটি আটক করেছে বলে ওসি জানান।