কলেজছাত্র মোমিন হত্যা মামলার রায় ২০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিন হত্যা মামলার রায় হবে আগামী ২০ জুলাই। এ মামলার নয় আসামির মধ্যে ছয়জন পলাতক। বাকি তিন আসামির মধ্যে মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, দুর্ধর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান ওরফে তাজ ও ঠোঁট উঁচা বাবু কারাগারে আছে।২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর নগরের ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিন খুন হন। এ ঘটনায় নিহত মোমিনের বাবা আবদুর রাজ্জাক (প্রয়াত) বাদী হয়ে তৎকালীন মতিঝিল থানার সাবেক ওসি এ কে এম রফিকুল ইমলামসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামির মধ্যে হাবিবুরসহ কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসীও রয়েছে।তদন্ত সূত্র জানায়, হত্যা মামলায় পুলিশ ও র‌্যাব ১৯ জনকে গ্রেপ্তার করে। ২০০৫ সালের ১৬ অক্টোবর সাবেক ওসি রফিক মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। মামলার এজাহারভুক্ত আসামি হাবিবুরকে ভারত থেকে ফিরিয়ে আনার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি প্রথমে তদন্ত করে কাফরুল থানা পুলিশ। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক পৃথকভাবে তদন্ত করে। দুই তদন্ত সংস্থার কর্মকর্তারা সাবেক ওসি রফিকসহ এজাহারভুক্ত ব্যক্তিদের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে বাদীপক্ষ নারাজি দিলে আদালত তা গ্রহণ করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০০৮ সালের তদন্তকারী ম্যাজিস্ট্রেট সাবেক ওসি রফিকসহ নয়জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দেন। এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। গত ৪ জুলাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম ২০ জুলাই রায় ঘোষণার তারিখ ধার্য করেন। নিহত মোমিনের ভাই শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘ অপেক্ষার পর তাঁরা এ মামলায় ন্যায়বিচার পাবেন বলে আশা করেন।