কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর উত্তর শাহজাহানপুরে এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সাদিয়া বিনতে নূর (১৭) নামে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।সাদিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, সাদিয়া দীর্ঘদিন অসুস্থ ছিল। শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবেও ভেঙে পড়েছিল সে। এ কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।জানা গেছে, সাদিয়ার বাবা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নূর আহমেদ। মা-বাবার সঙ্গে সাদিয়া উত্তর শাহজাহানপুরের ৩৯০ নম্বর বাসায় থাকত। মঙ্গলবার রাতে খাওয়ার পর সে অন্যান্য দিনের মতোই ঘুমিয়ে পড়ে। গতকাল বুধবার সকালে অনেক ডাকাডাকির পরও সাদিয়ার সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়াকে দেখতে পায়। মতিঝিল থানার উপপরিদর্শক আবদুল হাকিম জানান, এ ঘটনায় মতিঝিল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।