কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকার একটি বাসা থেকে পুলিশ গত শনিবার রাতে জান্নাতুল ফেরদৌস নোভা (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে। মেয়েটি বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে পড়ত বলে জানা গেছে। ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, জান্নাতুল ফেরদৌস তার খালা রওশন আরার সঙ্গে ২১১/২ মানিকদী নামাপাড়ায় থাকত। গতকাল বিকেলে মৃত্যুর খবরে পুলিশ ওই বাসায় গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কলেজছাত্রীর বাবা মমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত শনিবার জান্নাতুলের খালা রওশন আরা তাকে কলেজে নিয়ে যান। এ সময় শিক্ষিকা নিয়মিত কলেজে না আসার অভিযোগ করেন। শিক্ষিকা খালার সামনেই মেয়েকে বকুনি দেন। এর কিছুক্ষণ পর বাসায় ফিরে জান্নাতুল বাসার দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। এ সময় বাসায় কেউ ছিল না। পরে বাসায় লোকজন এসে দরজা বন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, সম্প্রতি জান্নাতুলের বাবার সঙ্গে তার মা রেহানা পারভীনের বিচ্ছেদ হয়। তার মা যুক্তরাজ্যে চলে গেলে জান্নাতুল তার ছোট বোনকে নিয়ে খালা রওশন আরার বাসায় চলে যায়। তার বাবা মমিনুল ইসলাম আবার বিয়ে করেন।