কলেজছাত্রীসহ তিনজনের অপমৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কলাবাগান এলাকার একটি বাসা থেকে প্রতিভা অধিকারী ওরফে রাখী (১৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। একই দিন মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে সুখী খাতুন (১৫) নামের এক পোশাককর্মী আত্মহত্যা করেছে। এ ছাড়া ভবন থেকে পড়ে সরোয়ার হোসেন (২১) নামের অপর এক যুবকের মৃত্যু হয়েছে। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত প্রতিভা ঢাকা ইম্পিরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। খবর পেয়ে শুক্রবার রাত দুইটার দিকে নর্থ রোড এলাকার বাসা থেকে প্রতিভার লাশ উদ্ধার করা হয়। লাশটি খাটের ওপর শোয়ানো ছিল।প্রতিভার বড় ভাই সমরেশ অধিকারী পুলিশকে জানান, শুক্রবার রাত আটটার দিকে তিনি বাসার নিচে দোকানে যান। ১০টার দিকে ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ভেন্টিলেটর দিয়ে দেখেন, প্রতিভা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। পোশাককর্মীর আত্মহত্যা: পোশাককর্মী সুখী খাতুন মোহাম্মদপুরের একটি পোশাক কারখানায় কাজ করত। সে ওই এলাকার ছয় নম্বর সড়কের সি ব্লকে খালাতো বোন মর্জিনার বাসায় থাকত। শুক্রবার রাত দুইটার দিকে বাসার কাছাকাছি একটি নির্মাণাধীন ছয়তলা ভবনে উঠে সে লাফ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে পুলিশ ঘটনাস্থল থেকে শাহ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করে। ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: গত শুক্রবার রাজধানীর সবুজবাগ এলাকার একটি ভবন থেকে পড়ে সরোয়ার হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কলিন্দ্রনাথ গুলদার প্রথম আলোকে বলেন, সরোয়ার স্যানিটারি মিস্ত্রি ছিলেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে তিনি দক্ষিণ মান্ডা এলাকায় একটি ভবনের তৃতীয়তলায় স্যুয়ারেজ পাইপ বসাচ্ছিলেন। এ সময় পা ফসকে তিনি নিচে পড়ে যান।