জাতীয় বেতন স্কেলে গ্রেড ও বেতনবৈষম্য নিরসনের দাবিতে আবারও তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার কর্মবিরতির প্রথম দিনে দেশের অধিকাংশ সরকারি কলেজে ক্লাস হয়নি।
রাজধানীর ঢাকা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে গতকাল কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মবিরতি চলছে। সমিতির সদস্যসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, সারা দেশের কলেজগুলোতেই কর্মবিরতি চলছে। তিনি বলেন, পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকদের পদোন্নতি দিয়ে সরাসরি গ্রেড-৩ভুক্ত অধ্যাপক করতে হবে। এ ছাড়া অন্য দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করতে হবে।
সমিতি বলেছে, তাদের সিদ্ধান্ত হলো এবার তারা কয়েক ধাপে কর্মবিরতি পালন করবে। চলতি প্রথম ধাপের কর্মবিরতি শেষ হবে কাল বৃহস্পতিবার। এরপর ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বর্জন করা হবে। এর মধ্যেও দাবি পূরণ না হলে ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে। আর ২২ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা ও ক্লাস বর্জনসহ লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
সরকারি কলেজের অধ্যাপকদের পদটি গ্রেড-৪-এর হলেও এত দিন সিলেকশন গ্রেড পেয়ে মোট অধ্যাপকদের মধ্য থেকে ৫০ শতাংশ গ্রেড-৩-এ যেতে পারতেন। কিন্তু অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় সরকারি কলেজের অধ্যাপকদের সেই সুযোগ রুদ্ধ হয়ে যায়। এ নিয়ে তাঁরা কয়েক মাস ধরে আন্দোলন করছেন। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তাঁরা কয়েক দফা কর্মবিরতি ও ক্লাস বর্জনের কর্মসূচি পালন করেছেন।
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন মার্চে: এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দ্রুত নতুন স্কেলে বেতন দেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরাও আন্দোলনের হুমকি দিয়েছেন।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও দ্রুত সময়ে নতুন স্কেলে বেতন দেওয়ার চেষ্টা চলছে। ফেব্রুয়ারি মাসের বেতন তাঁরা মার্চেই নতুন স্কেলে পেতে পারেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মন্ত্রণালয় আগেই পরিপত্র জারি করে বলেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো তাঁরাও গত জুলাই থেকে নতুন স্কেলে বেতন পাবেন। কার্যকর হতে একটু দেরি হলেও বাকি টাকা তাঁরা বকেয়া হিসেবে পাবেন।