কল্যাণ ও উন্নতির পথ দেখানোই দর্শনের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীনকাল থেকেই দার্শনিকেরা মানবসমাজকে প্রগতির পথে অগ্রসর হওয়ার পথপ্রদর্শকের ভূমিকা পালন করছেন। তাঁদের প্রতিবাদী অবস্থানের কারণেই বিলুপ্ত হয়েছে সামন্তবাদ, প্রত্যক্ষ উপনিবেশবাদ, ক্রীতদাস প্রথার মতো অমানবিক প্রথা। ইহজগতে মানুষের আত্মিক, দৈহিক কল্যাণ সাধন ও উন্নতির পথ দেখানোই দর্শনের কাজ।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বিশ্ব দর্শন দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দর্শন বিভাগ ও গোবিন্দ দেব দর্শন কেন্দ্র যৌথভাবে এ সভার আয়োজন করে।দর্শন বিভাগের চেয়ারপারসন হোসনে আরা আলমের সভাপতিত্বে মূল প্রবন্ধ পড়েন বিভাগের অধ্যাপক হাসনা বেগম। মূল প্রবন্ধে তিনি বলেন, বিশ্বাসকে বিশ্লেষণ ও প্রশ্নবিদ্ধ করে যাচাইয়ের মাধ্যমে গ্রহণ না করলে মানুষের স্বাধীন চিন্তার বিকাশ স্তব্ধ হয়ে যায়। এর ফলে রুদ্ধ হয়ে যেতে পারে তার আত্মিক ও দৈহিক প্রগতির পথ। এখানে ত্রাণকর্তারূপে আবির্ভূত হন দার্শনিক। অন্ধবিশ্বাস ও প্রগতির বাধাস্বরূপ সংস্কারের দুর্বলতা ও অযৌক্তিকতা প্রজ্ঞা ও বুদ্ধির সাহায্যে আমাদের কাছে স্পষ্ট করেন তাঁরা।হাসনা বেগম আরও বলেন, ‘অধিকার পাওয়ার অর্থ স্বেচ্ছাচারী হওয়া নয়। বরং যথার্থ মানুষ হিসেবে আত্মমর্যাদাসম্পন্ন হয়ে ওঠার জন্য প্রাপ্ত অধিকার ও সুযোগকে যেন ব্যবহার করতে পারি, সেই চেষ্টা করতে হবে।’উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘দর্শনচর্চার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বৈষম্য দূর করা। একবিংশ শতাব্দীতে এসে আমরা যদি তা না করতে পারি, তাহলে দর্শনের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য হারুন অর রশিদ, কলা অনুষদের ডিন সদরুল আমিন, ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক নীরু কুমার চাকমা প্রমুখ।