কল্যাণপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর কল্যাণপুর প্রধান খালের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এই অভিযান চালানো হয়। গত বছরের অক্টোবর মাসে রাজধানীর কাটাসুর খালের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত কল্যাণপুর প্রধান খালের আদাবর, মুনসুরাবাদ, ঢাকা হাউজিং ও বায়তুল আমান হাউজিং-সংলগ্ন খালের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেন। উচ্ছেদে অংশ নেয় দুই প্লাটুন পুলিশ ও প্রায় ১০০ শ্রমিক। আদালতের নির্দেশে একে একে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। অভিযানে মোট ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে দুটি দ্বিতল ভবন, কিছু আধা পাকা বাড়ি ও বাঁশের তৈরি টংঘর ছিল। বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান বিরামহীনভাবে চলে। উচ্ছেদ চলার সময় অবৈধ স্থাপনার বাসিন্দরা তাঁদের মালামাল নিয়ে অন্যত্র সরে যান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিদ মাইনুল প্রথম আলোকে বলেন, ঢাকা ওয়াসার পক্ষ থেকে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। ওই লিখিত আবেদনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু লোকের আপত্তি এলেও তা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায়। অভিযানের সময় ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসি উদ্দিনসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।গত বছরের ৪ অক্টোবর রাজধানীর রায়েরবাজারে কাটাসুর খালে অভিযান চালিয়ে পাঁচটি দোতলা ভবনসহ ৫০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ঢাকার খালগুলো দখলমুক্ত করে প্রবহমান রাখার জন্য নদী ও খাল রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স চলতি মাসে ছয়টি খাল উদ্ধারের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল এই অভিযান চালান।সূত্র জানায়, চলতি মাসে ওয়াসা অবৈধ স্থাপনা উচ্ছেদে আরও কয়েকটি অভিযান পরিচালনা করবে।