রাজধানীর মধ্য পীরেরবাগ ও আশপাশের এলাকায় অবস্থিত কল্যাণপুর খালে (ঘ) গতকাল মঙ্গলবারও পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসন।অভিযানে সরকারের একজন যুগ্ম সচিব ও একজন সহকারী পুলিশ সুপারের (এএসপি) স্থাপনাও ভেঙে ফেলা হয়। তাঁরা স্থাপনা না ভাঙার অনুরোধ জানালেও অভিযানকারী দল তা শোনেনি।গত সোমবার কল্যাণপুরের ওই খালটিতে প্রথম দিনের অভিযানে খালের মধ্যে পড়া ২০টি অবৈধ স্থাপনা পুরোপুরি বা আংশিক ভাঙা হয়। গতকাল ভাঙা হয় বাকি অংশ। খালের জায়গায় মুক্তি হাউজিংয়ের যে সীমানাদেয়ালটি ভাঙার কাজ শুরু হয়েছিল, গতকাল তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়। হাউজিংয়ের মালিকপক্ষের এক ব্যক্তি প্রথমে উচ্ছেদ না করার অনুরোধ জানালেও পরে তিনি সরে যান।এর আগেও ওই এলাকায় দুই দফা অভিযান চালানো হয়। কিন্তু উল্লিখিত সরকারি কর্মকর্তা ও হাউজিংয়ের অবৈধ স্থাপনায় তখন হাত দেওয়া হয়নি। ওই যুগ্ম সচিবের পাঁচতলা ভবনের তিনটি পিলার খালের জায়গায় পড়েছে। গতকাল এর দুটি পিলার ভাঙা হয়। এ ছাড়া এএসপির একতলা বাড়িরও অংশবিশেষ ভাঙা হয়।ঢাকা ওয়াসা জানায়, খালের জায়গা দখল করে নির্মিত অবৈধ পাকা স্থাপনা ছাড়াও রয়েছে কিছু ভাসমান বাড়ি। এগুলো সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফা নোটিশও দেওয়া হয়। অতীতে অভিযানের সময় অনেকে মুচলেকা দিয়ে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার সময় প্রার্থনা করেছিলেন, কিন্তু কেউ তা মানেননি।গতকাল সকালে অভিযান শুরুর পর শত শত লোক ভিড় জমায়। অভিযানে ৫২ জন পুলিশ ও শ্রমিক অংশ নেন। ওই খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা ছিল মোট ৩৭টি। এর মধ্যে তিনটির বিষয়ে আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকালের অভিযানের পর বাকি রয়েছে কিছু সীমানাদেয়াল, বিভিন্ন বাড়ির শৌচাগার ও টংঘর। সেগুলো আজ বুধবারের মধ্যে ভেঙে ফেলা হবে বলে ওয়াসা সূত্র জানায়।গতকালের অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন, ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।