কল্যাণপুরে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর কল্যাণপুরের একটি ফ্ল্যাট থেকে তানিয়া শেখ (১৬) নামে এক কিশোরী গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে কল্যাণপুর ৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ির চতুর্থ তলার আবু তাহেরের ফ্ল্যাট থেকে গৃহপরিচারিকা তানিয়া শেখের লাশটি উদ্ধার করা হয়। পরে তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেদ খান প্রথম আলোকে জানান, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই ফ্ল্যাটের গৃহকর্ত্রী বাইরে থেকে তালা দিয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যান। দুপুর দেড়টায় ফিরে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে আশপাশের বাসিন্দাদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে তানিয়া। তানিয়ার বাবার নাম আওয়াল শেখ। গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।