কল্যাণপুরে বস্তি উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা বহাল
রাজধানীর কল্যাণপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদে হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সর্বোচ্চ আদালত তা বহাল রেখেছেন।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালত আদেশে আরও বলেন, বস্তি উচ্ছেদের ওপর হাইকোর্ট যে রুল দিয়েছিলেন, চার সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন ও এম আমীর-উল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ওই বস্তিতে অবৈধভাবে ১৬ জন বসবাস করতেন। অন্যরা সবাই সেখানে ব্যবসা খুলে বসেছিলেন। তবে ড. কামাল হোসেন বলেন, ওই জায়গায় ২০ হাজার লোক বসবাস করে আসছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সেখানে উচ্ছেদ চালানো হয়েছে।
২১ জানুয়ারি কল্যাণপুরে ওই জমিতে বস্তি উচ্ছেদে অভিযানে যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই সময় বস্তির বাসিন্দারা উচ্ছেদ অভিযানে বাধা দেন। তবে পুলিশের সহযোগিতায় বাধা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান শুরু করেন গণপূর্তের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একই দিনে উচ্ছেদ কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। উচ্ছেদ অভিযান চলার সময়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা ও রুল দেন। ততক্ষণে বস্তির বেশির ভাগ অংশ উচ্ছেদ করা হয়ে যায়। এর পরদিন বস্তির একটি অংশে আগুন লাগে। বস্তির বাসিন্দারা এ জন্য স্থানীয় সাংসদ আসলামুল হককে দায়ী করলেও সাংসদ তা অস্বীকার করেন।
পরে ২৪ জানুয়ারি হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যায়। চেম্বার আদালত হাইকোর্টের আদেশে কোনো স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই আবেদনের শুনানি হয়।
গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রায় ৫০ একর ওই জমির মধ্যে ১৩ একর জায়গা নিয়ে ওই বস্তি গড়ে উঠেছে। বেশ কয়েক বার আগুন লাগায় এর নাম হয়ে যায় পোড়া বস্তি। স্থানীয় লোকজন জানান, সেখানে কয়েক হাজার ঘরে অন্তত ২০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
২০০৩ সালে গণপূর্ত মন্ত্রণালয় কল্যাণপুরের ওই জমি থেকে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিলে আসক এবং ওই বস্তির দুজন বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন। ২৮ ডিসেম্বর হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা দিয়ে রুল দেন। ২০০৬ সালে গণপূর্ত মন্ত্রণালয় আবার উচ্ছেদ চালানোর জন্য চিঠি দিলে আসক আবার হাইকোর্টে যায়। ওই বছরের ২৫ জুন আদালত এবার উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। পরে হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ান। এরপর চলতি বছর গণপূর্ত মন্ত্রণালয় তৃতীয় দফায় ওই বস্তি উচ্ছেদের কার্যক্রম চালায়।