কল্যাণপুরে সীমানা দেয়াল ধসে পড়ে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে ধসে পড়া সীমানাদেয়ালের নিচে চাপা পড়ে গতকাল শনিবার প্রশান্ত কুমার পান্ডে (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি সরকারি কবি নজরুল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রশান্ত কল্যাণপুরের ৮ নম্বর সড়কের ৪১/২ নম্বর বাড়ির পঞ্চম তলার মেসে থাকতেন। বেলা সাড়ে তিনটার দিকে তিনি হেঁটে মেসে ফেরার সময় কল্যাণপুর প্রধান সড়কে নির্মাণাধীন ৪১ নম্বর বাড়ির সীমানাদেয়াল ধসে পড়লে তিনি, অপর দুই পথচারী মিশু (২০) ও সৌরভ (২২) চাপা পড়েন। আশপাশের লোকজন ধসে যাওয়া দেয়ালের ইট-সুরকির নিচ থেকে তাঁদের উদ্ধার করে মিরপুর ২ নম্বর সেকশনের হার্ট ফাউন্ডেশনে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে প্রশান্ত মারা যান।মিরপুর থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুবকর মিয়া জানান, দেয়ালটি ছিল খুব নিম্নমানের উপাদানে তৈরি। নির্মাণাধীন বাড়িটি ঘিরে রাখার জন্য সাময়িকভাবে এটি তৈরি করা হয়। গতকাল দেয়ালের গোড়ায় প্রচুর খোয়া রাখায় অতিরিক্ত চাপে সেটি ধসে পড়ে।মিরপুর থানা সূত্র জানায়, প্রশান্তের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনার ব্যাপারে ওই ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করলে তা নেওয়া হবে। তবে তাঁরা থানায় অভিযোগ না করলেও ভবন নির্মাণের সময় পথচারীর নিরাপত্তার ব্যাপারে অবহেলার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করবে।