ভ্রাম্যমাণ আদালত-আতঙ্ক: অফিসগামীরা দুর্ভোগে
কাঁচপুর থেকে যাত্রাবাড়ী, রাস্তার দুই পাশে পুরোনো বাসের সারি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, রাজধানীতে ২০ বছরের পুরোনো বাস ও ২৫ বছরের পুরোনো ট্রাক-কাভার্ডভ্যান আছে ১৩ হাজার ৭৭৮টি। অথচ পুরোনো যানবাহন তুলে দেওয়ার লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত দুই দিনে আটক হয়েছে মাত্র পাঁচটি বাস-মিনিবাস। আদালতসংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, পুরোনো যানবাহন ভয়ে রাস্তায় নামছে না। সরেজমিন অনুসন্ধানেও একই চিত্র পাওয়া গেছে। যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত অসংখ্য পুরোনো বাস-মিনিবাস রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে। যানবাহন না পেয়ে অফিসগামী মানুষও দুর্ভোগে পড়েছেন।গত বৃহস্পতিবার ১৬ জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে অভিযান চালান। গতকাল রোববার নয়টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেটরা জানান, পুরোনো যানবাহন ভয়ে রাস্তায় না নামায় আটক যানের সংখ্যা কম।সরেজমিনে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত অসংখ্য পুরোনো বাস-মিনিবাস দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে। সাইনবোর্ড এলাকার সাদ্দাম মার্কেট ও শনির আখড়ায় এ ধরনের প্রায় ১০০ বাস দেখা গেছে। এ ছাড়া যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রায় প্রতিটি পেট্রল পাম্প বা সিএনজি স্টেশনে পুরোনো তিন-চারটা করে বাস-মিনিবাস ফেলে রাখতে দেখা গেছে। গাবতলী ও কাঁচপুর সেতুর পাশে কয়েক শ পুরোনো ট্রাক অবস্থান করছে।শনির আখড়া এলাকায় বাবুল মিয়া নামের এক বাসচালক বলেন, বিভিন্ন স্থানে পড়ে থাকা বাস চলার উপযোগী নয়। এগুলো রাস্তায় নামালেই বিকল হয়ে যায়। তাই ফেলে রাখা হয়েছে। এদিকে ভয়ে পুরোনো কিছু বাস-মিনিবাস না নামায় সকাল ও বিকেলে কিছুটা যানবাহনসংকট দেখা দেয়। গতকাল বিকেলে শাহবাগ ও ফার্মগেট এলাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। শাহরিয়ার হোসেন নামে অপেক্ষমাণ এক ব্যক্তি বলেন, পুরোনো যানবাহন তুলে দেওয়ার পাশাপাশি দ্রুত নতুন বাস নামানোর উদ্যোগ নিতে হবে। অন্যথায় সমস্যার সমাধান হবে না।গতকাল নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাত্র একটি ২০ বছরের পুরোনো বাস আটক করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্সবিহীন কিংবা ভুয়া লাইসেন্স দিয়ে যানবাহন চালানোর অপরাধে মোটরযান আইনে ১২৬টি মামলা হয়। এসব মামলায় তাৎক্ষণিকভাবে ৯৯ হাজার ৫৫০ টাকা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার চারটি পুরোনো বাস আটক করা হয়েছিল।ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বিআরটিএ, ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে। অভিযানে পুরোনো যানবাহন কম ধরা পড়ার বিষয়ে জানতে চাইলে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার প্রথম আলোকে বলেন, পুরোনো যানবাহন অভিযানের ভয়ে নামছে না। ট্রাক-মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীতে নির্মাণসামগ্রী ও মাটি-বালু বহনকারী প্রায় সব ট্রাকই ৩০-৪০ বছরের পুরোনো। এসব ট্রাকের দূরপাল্লার রুটে চলার মতো ফিটনেস না থাকায় রাজধানীর ভেতরে মালামাল পরিবহন করে থাকে। ভ্রাম্যমাণ আদালত দিনে অভিযান চালান বলে সেগুলো অনায়াসে রাতে চলছে। তবে একজন ট্রাকচালক জানান, ‘সরকারের ২৫ বছরের পুরোনো ট্রাক তুলে দেওয়া এবং রাত ১২টার আগে ট্রাক চলতে না দেওয়ার সিদ্ধান্তের কারণে পুলিশ একটু ঝামেলা করছে। আগের তুলনায় এখন পুলিশের চাঁদা বেড়েছে।’গতকাল শনির আখড়া, টিকাটুলী, মিরপুর বাঙলা কলেজের সামনে, শংকর বাসস্ট্যান্ড, শাহবাগ মোড়, কল্যাণপুর, গুলশান নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শাহবাগ ও শংকর এলাকায় সরেজমিনে দেখা যায়, অভিযানে আদালত অসংখ্য পুরোনো লক্কড়ঝক্কড় বাস থামান। কিন্তু অধিকাংশ লক্কড়ঝক্কড় যানবাহনের ফিটনেস সনদ পাওয়া গেছে। একাধিক ম্যাজিস্ট্রেট অভিযোগ করেছেন, বাসের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ও কালো ধোঁয়া বের হতে দেখেছেন তাঁরা। কিন্তু বিআরটিএ থেকে সেগুলো ফিটনেস সনদ নিয়েছে। কীভাবে এসব বাসের ফিটনেস সনদ দেওয়া হয়েছে—এই প্রশ্ন তুলেছেন অনেক ম্যাজিস্ট্রেট। এক ম্যাজিস্ট্রেট জানান, পাঁচ-সাতটা মামলা নিয়েও বাস চলছে। মাসের পর মাস কেউ মামলা নিষ্পত্তি করে না। পুলিশের সহায়তায় এগুলো চলছে।কল্যাণপুর এলাকায় আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। তিনি জানান, যেসব মামলা হয়েছে, তার বেশির ভাগই লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে। কিছু মামলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়।সম্প্রতি বিআরটিএ ফিটনেসবিহীন ৮০ হাজার ৬১৫টি যানবাহনের একটি তালিকা করেছে। পুলিশের কাছেও এই তালিকা হস্তান্তর করা হয়েছে।