কাঁচাবাজারে বিদ্যুৎ চুরি, আওয়ামী লীগ নেতার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালের একটি কাঁচাবাজারে বিদ্যুৎ চুরির দায়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জরিমানা করেছে ডিপিডিসির দুর্নীতিবিরোধী টাস্কফোর্স।
বিদ্যুৎ চুরির অভিযোগ পেয়ে গতকাল সোমবার বংশালের মৌলভীবাজার দোকান মালিক সমিতির কাঁচাবাজারে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান শেষে টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী সমিতির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইরোজ আহমেদ ওরফে অভ্রকে সাত লাখ টাকা জরিমানা করেন।
ডিপিডিসি সূত্রে জানা যায়, দোকান মালিক সমিতির নামে ৫২ শতক জমিতে ৯০টি দোকান নিয়ে এই কাঁচাবাজার গড়ে তোলা হয়েছে। বাজারটি নিয়ন্ত্রণ করেন ইরোজ আহমেদ। গতকালের অভিযানে সেখানে সাড়ে ২২ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি ধরা পড়লে সঙ্গে সঙ্গে বাজারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর ইরোজ আহমেদকে টাস্কফোর্স কার্যালয়ে তলব করে জরিমানা করা হয়।
জানতে চাইলে টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি হচ্ছিল। রাজনৈতিক প্রভাবের কারণে এত দিন ডিপিডিসির বংশাল কার্যালয় এ চুরি বন্ধ করতে পারেনি। তিনি বলেন, শুধু জরিমানা নয় বিদ্যুৎ চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাঁদের সাজাও ভোগ করতে হবে।